‘দুষ্ট’, ‘সাহসী’ শামীম এখন জাতীয় দলে

শামীম হোসেন।ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১২-১৩ বছর বয়সে আমার একাডেমিতে এসেছিল। তখন খুব ছোট, খুব দুষ্ট ছিল। আর সাহসের কথা না বললেই না। এমন সাহসী ছেলে খুব কম দেখেছি।’—জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটওয়ারীর কোচ শামীম ফারুকী ছোটবেলায় তাঁকে এমনই দেখেছিলেন।

অনূর্ধ্ব-১৪ দলের দলের ক্যাম্পে চাঁদপুরের ধানুয়া গ্রামের ছেলে শামীমের সঙ্গে নাকি কেউই একই কক্ষে থাকতে চাইত না। দুষ্টামির কারণে দলের সবাই দূরেই থাকতে চাইত। বাধ্য হয়ে শামীমকে থাকতে হতো কোচের কক্ষে। মাঠের বাইরের চাঞ্চল্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের সময়ে রূপান্তরিত হতো সাহসে।

চাঁদপুর জেলা স্টেডিয়ামের এবড়োখেবড়ো আউটফিল্ডে যখন কেউই ঝাঁপ দিয়ে বল ধরার সাহস পেতেন না, সেখানে শামীম ঝাঁপিয়ে পড়তেন নির্দ্বিধায়, ‘আমরা কোচ যারা আছি, সবাই ভয় পেয়ে যেতাম তাঁর ফিল্ডিং দেখে। মনে হতো, এই বুঝি বাজে কোনো চোটে পড়ল ছেলেটা!’

শামীম হোসেন।
ফাইল ছবি: প্রথম আলো

শামীমের ক্রিকেট-পাগলামির শুরু হয় শৈশবে চাচাতো ভাইদের সঙ্গে এলাকায় ক্রিকেট খেলে। ৮-৯ বছর বয়সে স্থানীয় টিভি-টুর্নামেন্টে নাম লিখিয়ে ফেলেন নিজের ব্যাটিং–সামর্থ্য দিয়ে। ঠিকাদারি পেশায় ব্যস্ত বাবা হামিদ পাটওয়ারী ছেলের ক্রিকেট-প্রেমের কথা জানতেন। পড়ালেখা ঠিক রাখার শর্তে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন তিনি। পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট শামীমকে আর পায় কে। চাচা তাঁকে ভর্তি করিয়ে দেন চাঁদপুরে ক্রিকেট একাডেমিতে। প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, বাসে চড়ে ধানুয়া থেকে আসতেন চাঁদপুর সদরে ক্রিকেট দীক্ষার উদ্দেশ্যে।

চোখ কপালে তোলার মতো কীর্তি গড়েই চলছিলেন শামীম। চাঁদপুরের একাডেমি ছেড়ে বিকেএসপিতে ভর্তি হন ২০১৫ সালে। সেই বছরই কলকাতা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২২৬ রান করেন মাত্র ২৮৬ বল খেলে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এই খবর শুনে তো অবাক। তখনই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিকলিকে গড়নের কিশোর শামীমের ব্যাট উঁচিয়ে ধরা ছবি পোস্ট করে মুশফিক লিখেছিলেন, ‘ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করবে ছেলেটা। অভিনন্দন!’

আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করেন শামীম।
ছবি: প্রথম আলো

মুশফিকের ভবিষ্যদ্বাণী সত্যি হয় পাঁচ বছর পর, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন শামীম। বিশ্বকাপে বিশেষ কিছু না করলেও দলের সবাই জানতেন শামীম নিজের দিনে কী করতে পারেন। কিন্তু শামীম নিজেকে সত্যিকার অর্থে চিনেছেন বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে এসে। প্রথম আলোর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এইচপিতে এসে মনে হয়েছে, আমার মধ্যে বিশেষ কিছু আছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আমি পাঁচে ব্যাটিং করতাম। বিশ্বকাপে আমি সাতে চলে গিয়েছি। তখন একটু সমস্যা হয়েছিল। এইচপিতে এসে বুঝতে পেরেছি, আমার কোথায় ব্যাট করতে হবে। এই জায়গায় ব্যাটিং করলে আমি কী করতে পারি, এসব বুঝেছি।’

মজার ব্যাপার হচ্ছে, হাই পারফরম্যান্স দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের সিরিজেই জাতীয় দলের নির্বাচকদের নজরে আছেন শামীম। গত মার্চে আয়ারল্যান্ড দলটির বিপক্ষে পাঁচটি লিস্ট-এ ম্যাচ খেলেছেন শামীম। প্রথম ম্যাচে ২৬ বলে অপরাজিত ছিলেন ২২ রানে। দুই ছক্কা ও তিন চারে ৩৯ বলে অপরাজিত ৫৩ রান দ্বিতীয় ম্যাচে। পরের ম্যাচে সাত চার ও এক ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি। চতুর্থ ম্যাচে ব্যাটিং পাননি। পরের ম্যাচে দুই চারে ১১ রান। এরপর একমাত্র টি-টোয়েন্টিতে ১১ বলে চার ছক্কায় করেন ২৮।

শামীম হোসেন।
ছবি: প্রথম আলো

তারই ধারাবাহিকতা দেখা গেছে ঢাকা প্রিমিয়ার লিগে। প্রাইম দোলেশ্বরের হয়ে ১০ ইনিংসে ৩০.১৬ গড়ে ১৮১ রান করেছে। এ রানও এসেছে ১৪৯.৫৮ স্ট্রাইক রেটে। অফ স্পিন করে নিয়েছেন ৭ উইকেট। দারুণ ফর্মের পর দলে ডাক পাওয়া শামীম এখন নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান, ‘দলে সুযোগ পাওয়াটা আমার জন্য, আমার পরিবার, কোচদের জন্য খুশির খবর। তবে সুযোগটা পাওয়াই সব নয়, কাজে লাগানোটাই বড়। নির্বাচকেরা আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে অবশ্যই সেই আস্থার প্রতিদান দিতে হবে।’

ছোটবেলায় শামীম যেমন দুষ্ট ও সাহসী ছিলেন, এখনো ঠিক তাই আছেন। মাঠের বাইরে হইচই, আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন। আর মাঠে চোখ কপালে তোলার মতো কীর্তি গড়েন। কখনো অবিশ্বাস্য ফিল্ডিংয়ে, কখনো অবিশ্বাস্য ব্যাটিংয়ে। হাসিঠাট্টার মাঝেই নাকি নিজের সেরা ক্রিকেটটা খেলেন শামীম। এবার আন্তর্জাতিক ক্রিকেটের চাপে তিনি কেমন করেন, সেটিই দেখার পালা।