দুসরা মারতেও ভয় পাচ্ছিলেন তিনি

সাকলায়েন মুশতাক ইতিহাসেরই অন্যতম সেরা স্পিনার। অফ স্পিনের ঘূর্ণিতে নাচিয়েছেন ব্যাটসম্যানদের। অনেকের চোখেই তিনি ‘দুসরা’র আবিষ্কারক। অফ স্পিনের উল্টো এ ডেলিভারিতে ঘোল খাইয়েছেন ব্যাটসম্যানদের। কিন্তু একটি ম্যাচে দুসরা মারতে ভয় পেয়েছেন সাকলায়েন, শুধু একজন ব্যাটসম্যানের জন্য!
১৯৯৯ চেন্নাই টেস্টের প্রসঙ্গ উঠলে শচীন টেন্ডুলকারের ইনিংসটি চোখে ভাসে অনেকের। ম্যাচের চতুর্থ ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু নাটকীয় সে ম্যাচে জেতাতে পারেননি দলকে। পাকিস্তানের ১২ রানের জয়ে দুই ইনিংসেই টেন্ডুলকারকে তুলে নিয়েছিলেন সাকলায়েন। তবু দুসরা মারতে ভয় পেয়েছেন টেন্ডুলকারকে, সে ম্যাচেই।
স্পোর্টসস্টারের সঙ্গে ইনস্টাগ্রামে সরাসরি আলাপে সেই টেস্টে টেন্ডুলকার সেরা ফর্মে ছিলেন বলে জানান সাকলায়েন। বোলার কী করতে পারেন, টেন্ডুলকার যেন তা আগে থেকেই বুঝে ফেলছিলেন! এ নিয়ে ৪৬ বছর বয়সী সাবেক পাকিস্তানি স্পিনার বলেন, ‘বেশ কিছু বাউন্ডারি হজমের পর তাঁকে আউট করেছি। শচীনের চোখ খুব ভালো ছিল, সবকিছু (ডেলিভারি) পড়ে ফেলছিল। ভয় পাইয়ে দিয়েছিল সে। বিশ্বাস করবেন না, দুসরা ছাড়তেও ভয় পেয়েছি, যদি বাউন্ডারি মেরে দেয়।’
৪৯ টেস্টে ২০৮ উইকেট নেওয়া সাকলায়েন চেন্নাই টেস্টে টেন্ডুলকারের উইকেট পাবেন তা ভাবেননি। সেদিন সৃস্টিকর্তা তাঁর পাশে ছিল বলে মনে করেন সাকলায়েন, ‘ভাবিনি মাস্টার ব্লাস্টারকে আউট করতে পারব। সৃস্টিকর্তা আমার পাশে ছিলেন সেদিন। তার লীলা বোঝার সাধ্য কার। শেষ পর্যন্ত গর্ব করব যে, সে ম্যাচে টেন্ডুলকারকে আউট করেছিলাম। তার নামের সঙ্গে আমার নামটাও যুক্ত থাকল সব সময়ের জন্য।’