প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি হলো না। দ্রুততম টেস্ট ডাবল সেঞ্চুরি করার খুব কাছে গিয়েও তাই ফিরে এলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের অধিনায়ক কাল এই ৫ রানের জন্যই হারিয়েছেন মাইকেল ক্লার্কের পাশে বসার সুযোগও। ২০১২ সালে চারটি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড এটাই। তবে ২০১৪ সালে তিনটি ২০০ ছাড়ানো ইনিংস খেলে ম্যাককালাম এরই মধ্যে বসে গেছেন স্যার ডন ব্র্যাডম্যান (১৯৩০) ও রিকি পন্টিংয়ের (২০০৩) পাশে। এক বছরে তিন ডাবল সেঞ্চুরি এই তিনজনেরই। সংখ্যাটা চারও হয়ে যেতে পারে এই ম্যাচে কুমার সাঙ্গাকারাও ডাবল সেঞ্চুরি পেলে। এ বছর দুটি ডাবল সেঞ্চুরি করে আরও ২২ জনের সঙ্গে লঙ্কান ব্যাটসম্যান আছেন তিনে।