বলাবলি হচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু ভারতীয় ক্রিকেট-কর্তারা যেন সেসব কানেই তুলতে চাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) তাঁরা সব সময় দেখাতে চেয়েছেন বিশ্বের সবচেয়ে জমজমাট ও অর্থকরী ক্রিকেট লিগ হিসেবে। সেটা অনেকটা সত্যিও। কিন্তু সেই জাঁকজমক আর অর্থবিত্তের আড়ালে যে ফিক্সিংয়ের বিষ ছড়িয়ে পড়েছে, সেটা স্বীকার করতে রাজি ছিলেন না কেউই। শুরুতে তো নয়ই, এমনকি বছর দুয়েক আগে যখন চাঞ্চল্যকর কেলেঙ্কারির খবর প্রথম প্রকাশ্যে আসে, তখনো না। এখন অবশ্য আর অস্বীকার করার উপায় নেই। বিচারপতি আর এম লোধা কমিশনের রায় আইপিএলের এই কদর্য দিকটা যেমন উন্মোচন করেছে, তেমনি মুখোশ খুলে দিয়েছে অনেকের।
তবে ভারতের সুপ্রিম কোর্ট থেকে যাঁকে আইপিএল কেলেঙ্কারির তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছিল, সেই বিচারপতি মুকুল মুদগাল খুব একটা সন্তুষ্ট নন রায়ে। লোধা কমিটি সরাসরি দল বা খেলোয়াড়দের বদলে শাস্তি দিয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা দুই প্রতিষ্ঠানকে। কিন্তু মুদগাল প্রশ্ন তুলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হলে দল পার পায় কী করে?’ অনেক দিন ধরেই আইপিএলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। পরশু রায়ের পর তিনিও টুইটারে বলেছেন, ‘চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস অল্পেই পার পেয়ে গেছে। দুই বছরের জন্য নয়, ওদের চিরতরে নিষিদ্ধ করা উচিত ছিল।’ অবশ্য দেরিতে হলেও শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হওয়ায় সন্তুষ্ট মোদি, ‘অবশেষে ভারতের ক্রিকেটে একটা সৎ সিদ্ধান্ত দেখা গেল, যদিও সেটা বিসিসিআইয়ের পক্ষ থেকে আসেনি।’
বিসিসিআইয়ের সাবেক সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রা অবশ্য স্বাগতই জানিয়েছেন লোধা কমিশনের রায়কে, ‘এ রায়ের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা আনার একটা প্রক্রিয়া শুরু হলো। আমি আশা করব বিসিসিআই এখান থেকে শিক্ষা নেবে।’ কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলেছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আশা করছি আইপিএল এই ধাক্কা কাটিয়ে উঠবে এবং চেনা ছন্দে ফিরবে।’
হয়তো ফিরবে। কিন্তু এই কালিমাটা কি থেকেই যাবে না! এএফপি, টাইমস অব ইন্ডিয়া।