দৃষ্টি এখন সিরিজ জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর তামিম
ডাবল সেঞ্চুরির পর তামিম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর বলেননি। বলেননি পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ‘বাংলাওয়াশ’ করে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা জয়ের পরও। কিন্তু কাল চন্ডিকা হাথুরুসিংহে যেন ঘোষণা দিয়ে দিলেন—এখান থেকেই বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট। পাঁচ সেশনেরও বেশি ব্যাট করে খুলনার প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে ড্রয়ের পর বাংলাদেশ কোচের বুকটা ফুলে গেছে অনেক। তিনি এখন বলতে পারছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বিরাট এক টার্নিং পয়েন্ট।’
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের পাশেই ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর কাছে এই ড্র জয়ের চেয়ে কম নয়। খুলনা থেকে আজ সকালে যে প্রেরণা নিয়ে তাঁরা ঢাকা ফিরবেন, তাতে মিশে থাকছে দ্বিতীয় টেস্ট জয়ের আত্মবিশ্বাস। ‘এত ভালো দলের বিপক্ষে এ রকম খেলা কখনোই খেলিনি। শুরুটা খারাপ হলেও পরে আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছি। এখান থেকে অনেক ইতিবাচক জিনিস নেওয়ার আছে। এখন আমাদের লক্ষ্য, সামনের টেস্টটা ভালো খেলে যেন সিরিজ জিততে পারি’—কোচের মতো আত্মবিশ্বাস ঠিকরে বের হচ্ছিল অধিনায়কের কথা থেকেও।
৬ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য কতই না কাঁচামাল পাওয়া গেল শিল্পনগর খুলনায়! তামিম ইকবালের চোখধাঁধানো ডাবল সেঞ্চুরি, ইমরুল কায়েসের সেঞ্চুরি, তাঁদের গড়া বিশ্ব রেকর্ড কিংবা তাইজুল ইসলামের ৬ উইকেট—এসবই যেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের বেড়ে যাওয়া সামর্থ্যের বিজ্ঞাপন! মুশফিক যেমন বলছিলেন, ‘পুরো টেস্টটাই আমরা অনেক শাসন করে ড্র করেছি। এটা জয়ের চেয়ে কম নয়। এ রকম বোলিং আক্রমণের সামনে, ৩০০ রানে পিছিয়ে থেকে ড্র করা অসাধারণ একটা কীর্তি। এভাবে খেললে দল হিসেবে বিশ্বাস জন্মায় যে ভবিষ্যতেও এ রকম পরিস্থিতিতে আমরা ভালো খেলতে পারব।’

মাত্রই ইয়াসির শাহকে এলবিডব্লু করে পঞ্চম উইকেট পেলেন তাইজুল ইসলাম। পরশু ছয় ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট নেওয়ার পর সতীর্থরা পিঠ চাপড়ে দিলেন এই বাঁহাতি স্পিনারের l প্রথম আলো
মাত্রই ইয়াসির শাহকে এলবিডব্লু করে পঞ্চম উইকেট পেলেন তাইজুল ইসলাম। পরশু ছয় ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট নেওয়ার পর সতীর্থরা পিঠ চাপড়ে দিলেন এই বাঁহাতি স্পিনারের l প্রথম আলো

পাঁচ সেশন ব্যাটিং করতে পারলে ড্র অসম্ভব নয় বলে মানতেন মুশফিক। কিন্তু সেটা যে এ রকম অক্ষরে অক্ষরে ফলে যাবে, তা কল্পনা করেননি, ‘বিশ্বাস ছিল, চার-পাঁচটা সেশন ব্যাটিং করতে পারলে ভালো কিছু সম্ভব। তবে ওদের জুটি যে এত বড় হবে, সেটা ভাবিনি। আমি জীবনে তামিম-ইমরুলের কাছ থেকে এ রকম ইনিংস দেখিনি। অসাধারণ! যে গরমের ভেতর ওরা এত বড় জুটি গড়ল...তাদের টুপিখোলা অভিনন্দন।’
তামিমের ওপেনিং সঙ্গী হয়ে ব্যাট করার আগে দীর্ঘ সময় উইকেটকিপিং করতে হয়েছে ইমরুলকে। তাঁর দেড় শ রানের কৃতিত্বটা বেড়ে যাচ্ছে সে কারণেই। তবে দলের কাছ থেকে কম অনুপ্রেরণা পাননি এই বাঁহাতি ওপেনারও। কুমার সাঙ্গাকারা ইমরুলের আদর্শ। সতীর্থরা তাঁকে বারবার মনে করিয়ে দিয়েছেন, ‘সাঙ্গাকারার মতোই কিপিং এবং ব্যাটিং দুটোই ভালো করতে হবে।’
একসময় শ্রীলঙ্কা দলের হয়ে খেলেছেন। কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন অস্ট্রেলিয়ার প্রবাসজীবনে। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহের কালকের অভিজ্ঞতা যেন মিলছে না কোনো কিছুর সঙ্গেই! ‘কোনো দলকে ঘুরে দাঁড়িয়ে এ রকম লড়াইয়ে ফিরতে আমি জীবনে দেখিনি। এ ধরনের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণ সেরা। তাদের বিপক্ষে ৩০০ রান পিছিয়ে থাকার চাপ নিয়ে এভাবে ফিরে আসা দুর্দান্ত’—বলছিলেন কোচ। টেস্টে শুরু থেকেই তাদের জয়ের চিন্তা ছিল বলেই জানিয়েছেন কোচ। একই চিন্তা নিয়ে খেলবেন ঢাকা টেস্টেও, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত। তৃতীয় দিন শেষে আমরা যেখানে ছিলাম, সেখান থেকে ড্র করাটা অনেক বড় ব্যাপার। এ আত্মবিশ্বাসটা আমরা পরের ম্যাচে নিয়ে যাব।’
শুধু টেস্ট ড্র করাই নয়, এই ড্রয়ে যে অনুষঙ্গগুলো মিশে আছে, কোচ বড় করে দেখছেন সেগুলোকেও। টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়া, দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ওপেনিং জুটি—এসব সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের জন্য নতুন অবস্থান তৈরি করেছে বলে বিশ্বাস হাথুরুসিংহের।
এই বিশ্বাস আছে অধিনায়কের মধ্যেও। তবে টেস্ট ক্রিকেটে মাইলফলক ছোঁয়ার দিনে অতৃপ্তি যে একেবারেই নেই, তা নয়। প্রথম ইনিংসের রানটা প্রত্যাশা অনুযায়ী বড় না হওয়া, সাদামাটা বোলিং আর ফিল্ডিংয়ের টুকটাক ভুলের জন্যও আছে অতৃপ্তি। এই ছোটখাটো ভুলগুলোর পুনরাবৃত্তি ঢাকা টেস্টে চান না মুশফিক। খুলনায় ড্র হওয়ায় ঢাকায় জিতলেই সিরিজ জয়। মুশফিকের স্বপ্নের সীমানাটা তাই এখন অনেক বড়। তাঁর ভাষায়, ‘স্বপ্ন দেখলে আকাশছোঁয়ার স্বপ্নই দেখা উচিত।’