
কলকাতা থেকে বাংলাদেশ দলকে নিয়ে ইউএস বাংলার ফ্লাইটটা ঢাকায় এসে পৌঁছায় কাল বেলা আড়াইটার দিকে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে সোজা বাড়ির পথ ধরেন খেলোয়াড়েরা। অধিনায়ক মুশফিকুর রহিম দলের সঙ্গে দেশে ফিরছেন না, তা আগেই জানা ছিল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ায় আসেননি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।
ভারতের মাটিতে প্রথম টেস্টে প্রাপ্তি বলতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে পাঁচ দিন লড়াই করা। টেস্ট ড্রয়ের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে ব্যর্থতার মধ্যেও ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন ঢাকায় পেঁৗছার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে আসা মেহেদী হাসান মিরাজ, ‘ভারতে এর আগে আমরা কখনো টেস্ট খেলিনি। ওদের সঙ্গে খেলে অনেক কিছু শিখেছি। এটা ভবিষ্যতে কাজে দেবে। ভালো লাগত যদি দল আরও ভালো করত। তবে আমার কাছে মনে হয় সবাই ভালো ক্রিকেট খেলেছে।’
মিরাজরা যখন ঢাকায় এসে পৌঁছালেন, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মোস্তাফিজ-রুবেলের বোলিং দেখতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তখন ফতুল্লায়। তাঁর ভাবনাজুড়ে এখন শ্রীলঙ্কা সফর। প্রধান নির্বাচক জানালেন, ২০ বা ২১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সফরের ১৫ সদস্যের টেস্ট দল। সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যোগ হতে পারেন আরও দুজন। ভারত সফরের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন না হওয়ারও ইঙ্গিত দিলেন মিনহাজুল। তবে নিজেকে ফিট মনে না করায় নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট না খেলা মোস্তাফিজুর রহমান যে টেস্ট দলে ফিরছেন, সেটি জানিয়েছেন তিনি।
পর পর দুটি সফরের রেশ না কাটতেই বাংলাদেশের সামনে নতুন অভিযান। নিউজিল্যান্ড-ভারতে ব্যর্থ হলেও নতুন এই অভিযানে বাংলাদেশ ভালো করবে বলে আশা মিনহাজুলের, ‘শ্রীলঙ্কা সফরকে আমরা ভীষণ গুরুত্ব দিচ্ছি। নিউজিল্যান্ড থেকে ফেরার পরপরই ভারতে পাঁচ দিন ভালো খেলেছে বাংলাদেশ। আমাদের খেলোয়াড়েরা বুঝতে শুরু করেছে দেশের বাইরে বড় দৈর্ঘ্যের ক্রিকেট কীভাবে খেলতে হয়। শ্রীলঙ্কায় আমরা চেনা কন্ডিশনই পাব। সেখানে আমাদের ব্যাটসম্যান বা বোলারদের সমস্যা হওয়ার কথা নয়। শুধু নির্বাচক হিসেবে নয়, সাবেক খেলোয়াড় হিসেবেও প্রত্যাশা, শ্রীলঙ্কায় আমাদের দল ভালো খেলবে।’
ভারত থেকে ফিরে খুব একটা বিশ্রাম পাচ্ছেন না খেলোয়াড়েরা। তিন-চার দিনের মধ্যেই নেমে পড়তে হবে মাঠে। অনুশীলন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। তার আগে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএলের পরের রাউন্ডে খেলবেন দলের সাত খেলোয়াড়। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলে খেলবেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে লিটন দাস ও মুমিনুল হক। বিসিবি উত্তরাঞ্চলের হয়ে শফিউল ইসলাম ও শুভাশিস রায় আর কামরুল ইসলাম রাব্বীর দল ওয়ালটন মধ্যাঞ্চল।
অনুশীলনের আগ পর্যন্ত বিশ্রামেই থাকবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হায়দরাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মেহেদী হাসান মিরাজ বোলিং করেছেন ৪৯ ওভার, তাইজুল ইসলাম ৫৩ ওভার। দুজনকেই তাই বিশ্রাম দেওয়া হয়েছে। তবে হায়দরাবাদে হারিয়ে ফেলা অলরাউন্ডার সত্ত্বা কিছুটা ফিরে পাওয়ার পর মিরাজ এখন মাঠে থাকতেই বেশি ব্যগ্র, ‘ব্যাটিং নিয়ে একটু হতাশ ছিলাম। বেশ কিছু ইনিংস খেলেছি কিন্তু রান করতে পারিনি। নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। ভারতে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেয়েছি। তবে এটা শুরু। আন্তর্জাতিক ক্রিকেট কীভাবে খেলতে হবে মাত্র বুঝতে শুরু করেছি। চেষ্টা করব সামনে পরিপূর্ণ ব্যাটসম্যান হতে।’