দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের চারটি শিরোপা ঘুরেফিরে দুটি দলের হাতে উঠেছে। ২০১২-১৩ মৌসুমে প্রথমবার শিরোপা জিতেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। বর্তমান চ্যাম্পিয়নও তারা। মাঝে দুবার শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ফ্র্যাঞ্চাইজি প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে এবার কি দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন?
সর্বশেষ দুই মৌসুমে শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে এবার এই গেরোটা খুলতে চান পূর্বাঞ্চলের অধিনায়ক অলক কাপালি, ‘গত দুই মৌসুমের তুলনায় এবার আরও ভালো করতে চাই। আমাদের পেস আক্রমণ খুব ভালো। রাজু (আবুল হাসান), ইবাদত (হোসেন), রাহি (আবু জায়েদ) ও সাইফউদ্দিন আছে। স্পিন বোলিং কিংবা ব্যাটিংও খারাপ নয়। মাঠে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন হওয়া কঠিন হবে না।’
পূর্বাঞ্চলের মতো বিসিবি উত্তরাঞ্চলও রানার্সআপ হয়েছে দুবার। উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলামও এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান, ‘প্রতিবছর আমরা ভালো কিছুর আশা নিয়ে মাঠে নামি। এবারও সেটি থাকবে। অন্য দলগুলোর তুলনায় আমাদের দলটা খারাপ হয়নি।’
তবে দুই বছরের বিরতির পর এবার শিরোপা উদ্ধার করতে চান দক্ষিণাঞ্চলের অধিনায়ক আবদুর রাজ্জাক, ‘শিরোপা জয়ের জন্যই সবাই খেলবে। গতবার আমাদের বেশির ভাগ খেলোয়াড় জাতীয় দলে খেলতে চলে গিয়েছিল। একটা পর্যায়ে একাদশ সাজানোই কঠিন হয়ে পড়েছিল। এবারও জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। তবে এখন আসলে সব দলই শক্তিশালী।’
প্রথম রাউন্ডে সিলেটে আজ দক্ষিণাঞ্চলের মুখোমুখি উত্তরাঞ্চল। রাজ্জাক জানালেন, সিলেটের উইকেট ব্যাটিং-সহায়ক হওয়ার সম্ভাবনা। বগুড়ার সবুজ উইকেটে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে মধ্যাঞ্চল। শিরোপা ধরে রাখার ব্যাপারে মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেন অবশ্য আশাবাদী, ‘গতবারের মতো ভালো খেলতে পারলে শিরোপা ধরে রাখা অসম্ভব নয়। আমাদের তিনটি বিভাগই ভালো। যেকোনো টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা তাই জয় দিয়ে শুরু করতে চাই।’
জাতীয় দলের তারকা খেলোয়াড়েরা যে এবারের বিসিএল খেলবেন না, সেটা জানাই ছিল। তবে চারটি দলেই ভারত-শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা দু-একজন খেলোয়াড় কিন্তু আছেন।