দেখা হবে অশ্বিনে-ইয়াসিরে?
রবিচন্দ্রন অশ্বিন। ইয়াসির শাহ। একজন অফ স্পিনার, আরেকজন লেগ স্পিনার। একজন ভারতের, আরেকজন পাকিস্তানের। বোলিং স্টাইল ও নাগরিকত্ব আলাদা, কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুজনই খুব ভোগান। একজন ১৮ টেস্টে ১০০ উইকেট নেন তো, আরেকজন ১৭ টেস্টেই ছুঁয়ে ফেলেন মাইলফলকটা। কদিন আগে মাত্র এক টেস্টের জন্য দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটা ছুঁতে পারেননি অশ্বিন। দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটা ইয়াসির ছুঁতে পারলেন না ওই এক টেস্টের জন্যই।
রেকর্ড ছুঁতে না পারার আক্ষেপ তাঁদের থাকতেই পারে। কিন্তু এর চেয়েও বড় আক্ষেপের কথা জানিয়ে রাখলেন ইয়াসির শাহ। এখনো যে রবিচন্দ্রন অশ্বিনের বিপক্ষে টেস্ট খেলা হলো না!
পরশু ইয়াসির উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার পরপরই টুইটারে তাঁকে অভিনন্দন জানিয়ে অশ্বিন লেখেন, ‘একটু দেরি হলো এই যা। তবে শাবাশ বলতেই হয়। ইয়াসির সংখ্যাটাকে দ্বিগুণ করে ফেলো।’
অশ্বিনের টুইটকে অনুপ্রেরণা হিসেবেই নিয়েছেন ইয়াসির। ভারতীয় স্পিনারকে ধন্যবাদও জানিয়েছেন, ‘সে আমাকে শুভকামনা জানিয়েছে, এ জন্য আমি কৃতজ্ঞ। দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট নেওয়া বোলার শুভকামনা জানিয়ে টুইট করলে সেটা অনুপ্রেরণা জোগাবেই।’
এরপরই নিজের আফসোসের কথা জানালেন ইয়াসির, ‘পাকিস্তান ও ভারতের প্রত্যেক খেলোয়াড় একে অপরের বিপক্ষে খেলতে চায়। আমার চাওয়াও তা-ই, কারণ আমি এখনো ভারতের বিপক্ষে টেস্ট খেলিনি।’
ইয়াসিরের চাওয়াটা অবশ্য শিগগিরই পূরণ হওয়ার সম্ভাবনা নেই। এমনিতেই ভঙ্গুর সম্পর্ক প্রতিবেশী দুই দেশের। তার ওপর সাম্প্রতিক ঘটনাবলি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সম্পর্কের বরফ গলে কবে আবার দুই দল দ্বিপক্ষীয় সিরিজ খেলবে, সেটা কে বলতে পারে!
টেস্টে দেখা না হলেও অবশ্য ভারতের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন ইয়াসির। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডের সেই ম্যাচে ৮ ওভারে ৬০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ইয়াসির। অন্যদিকে ৮ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অশ্বিন। এএফপি।