দেখাই হলো না ডি ভিলিয়ার্স-মালিঙ্গার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিঙ্গাকে খেলার আগেই আউট ডি ভিলিয়ার্স। ছবি: রয়টার্স
মালিঙ্গাকে খেলার আগেই আউট ডি ভিলিয়ার্স। ছবি: রয়টার্স

ওভালের প্যাভিলিয়নের নিচে অল্প কিছু চেয়ার খালি, বাকি গ্যালারি দর্শকে পরিপূর্ণ। সেখান থেকে তীব্র একটা আওয়াজ উঠল। শ্রীলঙ্কানদেরটা আনন্দের। বাকিদেরটা হতাশার। এই মাত্র যে আউট হয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স!
শ্রীলঙ্কানদের আনন্দের কারণটা তো বলে বোঝানোর দরকার নেই। ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দিতে পারা যেকোনো ফিল্ডিং দলের জন্যই বড় এক আনন্দ। আর এখানে তো রীতিমতো ভয়ের একটা বাতাবরণ ছিল।হাশিম আমলা ও ফাফ ডু প্লেসির গড়ে দেওয়া আদর্শ এক ভিত্তির ওপর দাঁড়িয়ে ব্যাটিং করতে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। ৩৩.৪ ওভারে স্কোর ২ উইকেটে ১৮৯। ডি ভিলিয়ার্স-ঝড় ওঠার জন্য আদর্শ এক মঞ্চ। অথচ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক উইকেটে থাকলেন মাত্র চার বল। আউটটাও এমন, যাকে বলে ‘সফট ডিসমিসাল’! সেকুগে প্রসন্নর বলে পুল করতে গিয়ে একটু আগে খেলে ফেললেন। বল উঠে গেল কাভারে।
শ্রীলঙ্কান সমর্থকদের আনন্দের কারণ তো বোঝা গেল। কিন্তু বাকিদের হতাশা কেন? ওভালের এই ব্যাটিং উইকেটে ডি ভিলিয়ার্সের ব্যাটিংই তো ছিল মাঠে আসার বড় আকর্ষণ। তা আর হলো কই! আরেকটা হতাশাও তো ছিল। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ছিল এবি ডি ভিলিয়ার্স বনাম লাসিথ মালিঙ্গা লড়াই। অথচ দুজনের দেখাই হলো না!
এবি ডি ভিলিয়ার্স নামার আগে দুই স্পেলে ৬ ওভার বোলিং করা হয়ে গেছে মালিঙ্গার। ডি ভিলিয়ার্স নামতেই আবার বোলিংয়ে ফেরার জন্য ওয়ার্ম আপ করতে শুরু করেছিলেন। সেটি শেষ হওয়ার আগেই ডি ভিলিয়ার্স আউট!
মালিঙ্গা তাতে মন খারাপ করেছেন বলে মনে হয় না!