দেখে নিন শেন ওয়ার্নের বাড়ির অন্দরমহল

অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল আসি আসি করছে। গ্রীষ্মের এই গরমকে টেক্কা দেওয়ার প্রস্তুতিও সেরে ফেলেছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই প্রস্তুতির একটি নমুনা ভিডিও দেখিয়েছেন তিনি। গরম মোকাবিলায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর বিলাসবহুল অট্টালিকায় কী কী ব্যবস্থা রয়েছে, সেটাই তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে।

ওয়ার্নের ঘরের বাইরে রয়েছে একটি বিশাল তাপ নিয়ন্ত্রক সুইমিং পুল। তিনি এই পুলটির নাম দিয়েছেন ‘ওয়ার্নিজ প্যাড’। পুলটির নীল পাথরের তলদেশ লেখা ‘২৩’—এটা খেলোয়াড়ি জীবনে ওয়ার্নের জার্সি নম্বর। পুলের পাশেই সবুজ গালিচার টেনিস কোর্ট এবং তার পাশে ব্যায়ামাগার।
মেলভিল নামের এই বাড়িতে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত থাকতেন ওয়ার্ন ও তাঁর সাবেক স্ত্রী সিমোন কালাহান। ৩০ লাখ ডলারের বেশি অর্থ খরচ করে ৩০১৪ বর্গমিটার আয়তনের এ বাড়িটি কিনেছিলেন তাঁরা। পরে ৮৭ লাখ ডলারে বাড়িটি বেচে দিয়েছিলেন। ২০০৯ সালে এই বাড়ির মালিকানা হাতবদল হওয়ার পর গত বছর ১ কোটি ৪০ লাখ ডলার খরচায় বাড়িটি আবারও কিনে নেন ওয়ার্ন।

কালাহানের সঙ্গে বিচ্ছেদের পর মেলভিলে খুব বেশি আসেননি ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ এ উইকেটশিকারিকে ইদানীং দেখা যাচ্ছে ৩২ বছর বয়সী মডেল এমিলি সিয়ার্সের সঙ্গে। ডুবে ডুবে জল খাওয়ার কথা অস্বীকার করে নিজেদের শুধু ‘বন্ধু’ দাবি করেই এগিয়ে চলছে তাঁদের সম্পর্ক। যদিও ওয়ার্ন এর আগে জানিয়েছিলেন, ব্যাচেলর হিসেবে থাকতে আর ভালো লাগছে না। এ ব্যাপারটা বিবেচনায় সিয়ার্সের সঙ্গে ওয়ার্নের বন্ধুত্বের সম্পর্ক প্রণয় থেকে পরিণয়ে বাঁক নেওয়ার সম্ভাবনাই বেশি।
