দেরি করলেই কোহলিদের ৫০ ডলার জরিমানা!

হোটেল কিংবা স্টেডিয়ামের গেটে টিম বাস দাঁড়িয়ে আছে। কিন্তু সময়মতো এলেন না—এমন খেলোয়াড়ের জন্য কড়া শাস্তির কথা বললেন ভারতীয় দলের নতুন কোচ অনিল কুম্বলে। এখন থেকে দেরি করলেই কোহলি-রোহিতদের জরিমানা গুনতে হবে ৫০ মার্কিন ডলার। টিম বাসে নির্দিষ্ট সময়ে না উঠলে জরিমানার বিধান আছে প্রায় সব ক্রিকেট দলেই। ভারতীয় দলেও হয়তো ছিল। তবে কুম্বলে-যুগে অঙ্কটা হঠাৎই বেড়ে যাওয়াতেই এটি খবর।
চার টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দল এখন ক্যারিবীয় সফরে। দলের দায়িত্ব নেওয়ার পর শৃঙ্খলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কুম্বলে। নতুন কোচের নতুন নিয়ম—অফিশিয়ালি টিম মিটিং হবে প্রতি চার দিনে একবার। অবশ্য কোনো খেলোয়াড় ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে কুম্বলের দুয়ার খোলা থাকবে সব সময়ই। তবে ভারতীয় কোচ সবচেয়ে বেশি কঠোর হচ্ছেন ‘লেট লতিফ’দের বিরুদ্ধে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে সেটিই জানিয়েছে ভারতীয় দলের একটি সূত্র, ‘সবকিছুই খুব গোছানো। কুম্বলে চান, খেলোয়াড়েরা শৃঙ্খলার গুরুত্বটা বুঝবে। একই সময়ে তিনি তাদের স্বাধীনতাও দিতে চান। কুম্বলে জানেন, কোথায় সীমারেখাটা টানতে হবে।’
ম্যাচের ফাঁকে পাওয়া সামান্য বিরতি ভালোই কাজে লাগাচ্ছে ভারতীয় দল। সেন্ট নেভিসে সমুদ্র দর্শনে বেরিয়ে একের পর এক সেলফি তুলেছেন অশ্বিন-ধাওয়ানরা। অধিনায়ক কোহলির সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছেন কোচ নিজেই।
তিন দিনের বিরতি শেষে কালই আবার মাঠে নামবে ভারত। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ জুলাই।