দেশকে জয় এনে দিতে চান ইবাদত

কাল পঞ্চম দিনেও এমনভাবেই স্যালুট করতে চান ইবাদতছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ল্যাথাম, ডেভন কনওয়ে আউট হলেও নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান উইল ইয়ং ভালোই খেলছিলেন। নড়বড়ে মনে হচ্ছিল ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেলরকে। এর মধ্যেই এক উইকেট নেওয়া ইবাদত হোসেনের গতি ও নিয়ন্ত্রণে অনেকটাই এলোমেলো ১১১তম টেস্টের অভিজ্ঞ টেলর। উইকেটের অধারাবাহিক বাউন্সও ছিল ইবাদতের পক্ষে। কিছুটা রিভার্স সুইং ছিল উপরি পাওনা।

কিন্তু এত কিছু পক্ষে থাকার পরও সুযোগ নষ্ট করার অজস্র উদাহরণ আছে বাংলাদেশ দলের। আজ ইবাদত সে ভুল করেননি। শুরু থেকেই দারুণ বোলিং করে আসা এই ফাস্ট বোলার নিউজিল্যান্ড ইনিংসের ৪৮ থেকে ৬০ ওভার পর্যন্ত রীতিমতো কাঁপুনি ধরালেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে।

৭ ওভারের স্মরণীয় স্পেলে মাত্র ১৬ রান দিয়ে চোখের পলকে ৩ উইকেট নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে সম্ভাবনার দুয়ার খুলে দিলেন তিনি। ৬৯ রান করে দারুণ খেলতে থাকা ইয়ংকে ভেতরে আসা বলে সরাসরি বোল্ড হলেন। এরপর আগের ইনিংসে অর্ধশত করা হেনরি নিকোলসও বোল্ড বিদ্যুৎ–গতির ইয়র্কারে। এরপর টম ব্লান্ডেল আউট ভেতরে আসা বলে এলবিডব্লু হয়ে। চোখের পলকে ১৩৬ রানে ২ উইকেট থেকে কোনো রান যোগ না করেই ১৩৬ রানে ৫ উইকেটের দল নিউজিল্যান্ড! সেখান থেকে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকেরা। ম্যাচের যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ দলের মানসপটে এখন ‘জয়’ শব্দটাই ঝিলমিল করছে। যেটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

নিজের বোলিং নিয়ে অনেক কাজ করেছেন ইবাদত
ছবি: এএফপি

সেই জয়ের পথ দেখানোর পথিক ইবাদত আজ দিনের খেলা শেষে বলছিলেন সে কথাই, ‘আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি।’ তবে একজন বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে নিজের ক্রিকেট–যাত্রাটা কতটা কঠিন ছিল, সেটাও বলছিলেন তিনি, ‘দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং–সহায়ক থাকে। ফ্ল্যাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি, কীভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা পক্ষে থাকে। তারপর কিছুটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা এখনো শিখছি, কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়। আমরা এখনো শিখছি।’

বিকেলটা নিজেদের পক্ষে টেনে নিলেন ইবাদত
ছবি: এএফপি

শুধু মাউন্ট মঙ্গানুই নয়, ভবিষ্যতে বিদেশের মাটিতে ইবাদত, তাসকিন, শরীফুলদের এমন আরও আগুনে বোলিংয়ের আশাও দেখিয়েছেন তিনি। ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থ ও সাপোর্ট স্টাফ—সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি। এই দলই চাইছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব,’ বলেছেন ইবাদত।