দেশান্তরি হচ্ছেন কাদিরের ছেলে!
সত্তর-আশির দশকে মৃতপ্রায় লেগ স্পিন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ক্রিকেট তাঁর কাছে কৃতজ্ঞ। পাকিস্তানে তো বটেই, ক্রিকেটেই কিংবদন্তির মর্যাদা পাবেন আবদুল কাদির। অথচ তাঁর ছেলে উসমান কাদিরই কিনা পাকিস্তানের হয়ে খেলতে চাইছেন না। আর এ সিদ্ধান্তে সম্মতিও আছে কাদিরের।
উসমানের দেশান্তরি হতে চাওয়ার একটা কারণ, পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেই ঠিকমতো সুযোগ পাচ্ছিলেন না। ছয় বছরের ক্যারিয়ারে মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী লেগ স্পিনার। আরেকটি কারণও হয়তো আছে। সব সময়ই উসমানকে শুনতে হয়েছে, বাবার প্রভাবেই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। যদিও আবদুল কাদির এই অভিযোগ সব সময়ই উড়িয়ে দিয়েছেন।
উসমান তাই নির্ঝঞ্ঝাটে খেলে যেতে চান। এ জন্য দেশান্তরিও হতেও রাজি, ‘ক্রিকেটের প্রতি ভালোবাসাটাকে ধরে রাখতে চাই। আমি এই পর্যায়ে খেলতে এসেছি আমার যোগ্যতা দিয়ে। অথচ সব সময়ই আমার দলভুক্তিকে সন্দেহের চোখে দেখা হয়েছে। মানসিক শান্তি নিয়ে খেলতে পারব, এমন কোথাও যাওয়া উচিত আমার।’
মানসিক শান্তির জন্য উসমানের পছন্দের গন্তব্য? দক্ষিণ আফ্রিকা নয়তো অস্ট্রেলিয়া। পাকিস্তান টুডে।