দেশে এসে সব বলে দেব, বললেন কামাল

তাঁর মন্তব্যে আলোচনার ঝড় উঠেছিল বাংলাদেশ-ভারত ম্যাচের পর। ওই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করেছিলেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। শুধু তা-ই নয়, সমালোচনা করেছিলেন আইসিসিতে ভারতের একচেটিয়া দাপট নিয়েও। হুমকি দিয়েছিলেন পদত্যাগ করার। আজ বিশ্বকাপ ফাইনাল শেষে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন কামাল।
আজ অবশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বকাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে না-থাকা নিয়ে। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, শিরোপা তুলে দেওয়ার কথা সভাপতির। কিন্তু শিরোপা দেওয়া দূরের কথা, পুরস্কার মঞ্চেই ছিলেন না কামাল। বিজয়ী দলকে শিরোপা তুলে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। কথা হলো, কেন কামালকে দেখা গেল না পুরস্কার মঞ্চে? এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ক্রিকেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়া থেকেই সাংবাদিকদের কাছে নিজ প্রতিক্রিয়ায় কামাল বললেন, ‘আজ আমার পুরস্কার দেওয়ার কথা ছিল। এটি আমার সাংবিধানিক অধিকার। দুর্ভাগ্যজনকভাবে আমাকে পুরস্কার দিতে দেওয়া হয়নি। আমার অধিকার হরণ করা হয়েছে। একেবারই ন্যক্কারজনক ও দুঃখজনক ঘটনা এটি। একই সঙ্গে সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিষয়টি জানাব ঢাকায় এসে। এটা জানানো আমার দায়িত্ব। দেশের মানুষের সামনে সব তুলে ধরব। এটা বলতে পারি, আমি দেশের পক্ষে ছিলাম, এখনো আছি। দেশের পক্ষে থাকার জন্যই হয়তো শিরোপা তুলে দিতে পারিনি।’