দেশে খেলতে চান মিসবাহরা

বিংশ শতাব্দীর শুরুর দিকের কথাবার্তা। বিদেশ সফরে যেতে ক্রিকেটাররা যখন জাহাজে উঠতেন, তাঁদের বিদায় দিতে পুরো পরিবার হাজির হতেন জাহাজঘাটে। আগামী ছয়-সাত মাসের জন্য যে আর দেখা পাওয়া যাবে না প্রিয়জনদের! সেসব দিন অনেক আগেই পেরিয়ে এসেছে ক্রিকেট। তবে একবিংশ শতাব্দীতে এসেও সে অভিজ্ঞতা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোলে দেশেই ফেরার সুযোগ পান না তাঁরা!
২০০৯ সালে লাহোর টেস্টের মাঝপথে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না পাকিস্তানে। দেশের বাইরে খেলেই টেস্টের এক নম্বর দল হয়ে গেছে পাকিস্তান। পরশু লাহোরে টেস্ট-শ্রেষ্ঠত্বের রাজদণ্ডটা বুঝে নেওয়ার পরও মিসবাহ-উল-হকের কণ্ঠে দুঃখের ছোঁয়া, ‘টেস্টে এক নম্বর হওয়ার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। এটি আমার জীবনের অন্যতম সেরা দিন, আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের দিন। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড গ্রহণ করার জন্য এর চেয়ে ভালো কোনো জায়গাও হতে পারত না। সাত বছর আগে এখানেই আমরা সর্বশেষ খেলেছি। কিন্তু শীর্ষে ওঠার এই পুরো যাত্রাটি পাকিস্তানের বাইরে হলো। খেলোয়াড় ও সমর্থকদের জন্য এটা পরিহাসের মতোই।’
এ প্রসঙ্গেই চলে এল ক্রিকেটারদের পরিবারের কথা, ‘খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ওদের ছাড়া প্রায় ছয়-সাত মাস দেশের বাইরে কাটাতে হয় আমাদের এবং এটা খুব কঠিন।’
তবে ক্রিকেটারদের পরিবারের চেয়েও দুঃখটা পাকিস্তানের দর্শকেরই বেশি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ছাড়া গত সাত বছরে যে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগই পাচ্ছেন না তাঁরা। সে জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বুঝে নেওয়ার সময় নিজের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আকুতি জানিয়ে দিলেন মিসবাহ, ‘খেলোয়াড়েরা ঘরের মাঠের সমর্থনের অভাব বোধ করে অনেক। দর্শকেরাও নিজেদের চোখে দুর্দান্ত কিছু দলীয় ও ব্যক্তিগত নৈপুণ্য দেখতে পায়নি। তবে আমি বিশ্বাস করি, এ পরিস্থিতি পাল্টাবে। শিগগিরই পাকিস্তানে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।’
আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরবে কি না তা নিয়ে কিছু বলেননি আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। কিন্তু পাকিস্তানের প্রশংসা করতে গিয়ে রিচার্ডসনকেও টানতে হলো সে প্রসঙ্গ, ‘যেকোনো ক্রিকেটারের জন্য টেস্টের এক নম্বর দলের সদস্য হওয়া বিশাল অর্জন। পাকিস্তানের অর্জনটা আরও বিশেষ কিছু কারণ, ২০০৯ সালের মার্চের পর থেকে দেশের মাটিতে না খেলেই শীর্ষে উঠেছে তারা।’
এরপর পুরো পাকিস্তান দলকেই স্তুতিতে ভাসিয়েছেন রিচার্ডসন, সবচেয়ে বেশি করেছেন মিসবাহর গুণগান। আর পাকিস্তানের এমন সাফল্যকে ক্রিকেটের জন্যই ভালো খবর হিসেবে নিচ্ছেন তিনি, ‘এ দিনটা শুধুই এ দলকে নিয়ে, এ দিনটি শুধুই মিসবাহকে নিয়ে। যে ব্যাপারটি পাকিস্তানকে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় দল বানিয়েছে সেটা হলো, সব পরিস্থিতির জন্য তাঁদের কোনো না কোনো খেলোয়াড় আছে। কঠিন পরিস্থিতি সামলানোর জন্য ব্যাটসম্যান আছে ওদের। বোলিংয়েও দেখুন, ওদের বিপক্ষে পেসবান্ধব উইকেট বানাতে পারবেন না, কারণ তাদের ও রকম পেসার আছে আবার একজন বিশ্বমানের লেগ স্পিনারও আছে। পাকিস্তান যদি এক নম্বর না-ও থাকতে পারে অন্তত অনেক দিন শীর্ষস্থানের জন্য চ্যালেঞ্জ করতে পারবে। শক্তিশালী পাকিস্তান দল ক্রিকেটের জন্যই ভালো।’
টেস্ট ক্রিকেটে ইদানীং চলছে ‘ঘরের মাঠে বাঘ আর বিদেশে বিড়াল’ হওয়ার পর্ব। কদিন আগেই পালাবদলের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার মাটিতে ধবলধোলাই হলো ফেবারিট অস্ট্রেলিয়া। কিন্তু আশ্চর্য ব্যতিক্রম হয়ে আছে পাকিস্তান। মিসবাহর পরবর্তী লক্ষ্য, এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে ১০ লাখ ডলারের আর্থিক পুরস্কারটিও নিশ্চিত করা, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো আগামী ১ এপ্রিল পর্যন্ত টেস্টের এক নম্বর থাকা। এটা সহজ হবে না। কারণ এরপর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। কিন্তু নিজেদের সামর্থ্যে আস্থা রেখে ধারাবাহিক থাকতে হবে।’ ক্রিকইনফো, রয়টার্স।