দেশে খেলা বলেই ভারতের ভয়!
টি-টোয়েন্টির প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনাল খেলেছে বাংলাদেশে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আর এবার তো নিজেদের দেশেই বিশ্বকাপ। মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ফেবারিট তো তাহলে ভারতই। না, ভুল হলো এখানেই; নিজেদের দেশে খেলা বলেই ভারতের ভয়। আজীবনের ‘ঘরের মাঠের বাঘ’ ভারত ২০ ওভারের ম্যাচ এলেই ‘বাঘের মাসি’ হয়ে যায়!
অবিশ্বাস্য শোনালেও এটিই সত্য, দেশের মাটিতে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যানটাই ধোনিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। জয়-পরাজয়ের হিসাব কষলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৩ ম্যাচে ৩৬টি জয় নিয়ে পঞ্চম স্থানে আছে ভারত। কিন্তু যখনই দেশের মাটিতে খেলার হিসাব আসছে, তখনই বদলে যাচ্ছে চিত্রটা—১৫ ম্যাচে ৭ জয়, ৮টি হার! গত অক্টোবরেই টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হতে হয়েছে। নিজেদের দেশে ভারতের চেয়ে খারাপ রেকর্ড শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কারই।
মহেন্দ্র সিং ধোনির কাছে অবশ্য এই রেকর্ড পাত্তা পাচ্ছে বলে মনে হয় না। গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় অধিনায়ক বরং নিজেদের বিশ্বকাপে ফেবারিট বলেই দাবি করলেন, ‘ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে আমরা সব সময়ই শিরোপার দাবিদার। আর এই বিশ্বকাপ তো ভারতে হচ্ছে, এখানে স্পিনাররা বড় ভূমিকা রাখবে। এটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’
এ বছর ভারতের টি-টোয়েন্টি পারফরম্যান্স নিশ্চয়ই ধোনির আশার পালে আরও হাওয়া দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি দুই বা এর বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রথম জয়, এর আগে জয় আছে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। তবে দিনের শেষে ধোনির চোখে টি-টোয়েন্টি একরকম লটারিই, ‘ছোট ফরম্যাট দুই দলের পার্থক্য কমিয়ে দেয়। প্রতিপক্ষের বিগ হিটারদের দ্রুত ফিরিয়ে দেওয়াটা এখানে গুরুত্বপূর্ণ। আর নকআউট পর্বে তো প্রতি মুহূর্তে আপনাকে সেরাটা দিতে হবে, বিষয়টি একদম লটারির মতো। এখানে ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সূত্র: ক্রিকেট কান্ট্রি।