দেশে শেষ জয়া-সাঙ্গার
বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন—এমন আভাস দিয়ে রেখেছেন দুজন। কলম্বোয় কাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটাই তাই দেশের মাটিতে শেষ ম্যাচ ছিল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পরও তাই দুই শ্রীলঙ্কান কিংবদন্তিকে বিদায় জানাতে প্রেমাদাসা স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক, গ্যালারিতে দুজনের জন্যই বিদায়ী শুভকামনার ব্যানারও। দুজনের কেউই অবশ্য ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারলেন না। তবে তাতে থেমে থাকেনি শ্রীলঙ্কার রানের চাকা। ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে খেলতে নেমে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করেছেন তিলকারত্নে দিলশান। ১২৪ বলে ১০১ রানের ইনিংস খেলার পথে পেরিয়েছেন পঞ্চম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলকও। তাঁর গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে শ্রীলঙ্কা জমা করেছে ৩০২ রান। তাড়া করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে গেছে ২১৫ রানে। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-২ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। দেশের মাঠে বিদায়টাও তাই জয়েই হলো জয়া-সাঙ্গার।
দিলশানের সেঞ্চুরির পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন থিসারা পেরেরাও। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করা পেরেরা আউট হয়েছেন ২৬ বলে ৫৪ রান করে। তাঁর ঝড়েই শেষ ৬ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৬৫ রান। জবাবে ৭৮ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৩০২/৬ (দিলশান ১০১, চান্ডিমাল ৫৫, পেরেরা ৫৪, সাঙ্গাকারা ৩৩, জয়াবর্ধনে ২৮; জর্ডান ২/৫৫, মইন আলী ২/৩৯)
ইংল্যান্ড: ৪৫.৫ ওভারে অলআউট ২১৫ (রুট ৮০, ওকস ৩৪, কুক ৩২; প্রসন্ন ৩/৩৫, দিলশান ৩/৩৭)
ফল: শ্রীলঙ্কা ৮৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তিলকারত্নে দিলশান