স্পিনে কাত দ. আফ্রিকা

>
- তৃতীয় ওয়ানডেতে ১২৪ রানে হারিয়েছে ভারত
- কুলদীপ ও চাহাল নিয়েছেন ৪টি করে উইকেট
প্রথম অর্ধ পুরোটাই ছিল বিরাট কোহলিময়। নিজের ৩৪তম ওয়ানডে সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৩ রানের পাহাড় গড়েছিল ভারত। ‘পাহাড়’ বলা হচ্ছে কারণ কেপটাউনের নিউল্যান্ডসে এর আগে যে ২৫৭ রানের বেশি কেউই তাড়া করতে পারেনি। জয়টা পেতে হলে নতুন ইতিহাসই গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে উইকেটটা যে পুরোপুরিই ‘বন্ধু’ হয়ে গেল দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের। দুজন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন ৮ উইকেট (দুজনেই ৪টি করে) মাত্র ৬৯ রানের বিনিময়ে। ম্যাচটা কীভাবে জিতবে প্রোটিয়ারা? ১২৪ রানে হেরে নিজেদের মাঠে অনুষ্ঠিত কোনো ওয়ানডে সিরিজে এই প্রথমবারের মতো ৩-০-তে পিছিয়ে গেল তারা।
এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি আর কুইন্টন ডি কক ছিলেন না—দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ এমনিতেই দুর্বল ছিল। তার ওপর শুরুতেই ফেরেন ভরসা হয়ে থাকা অভিজ্ঞ হাশিম আমলা। সবচেয়ে অভিজ্ঞ ছিলেন জেপি ডুমিনি; তিনি তাঁর অভিজ্ঞতা ব্যবহার করেছেন ৫১ রানের একটি ইনিংস খেলে। বাকিদের মধ্যে ডেভিড মিলার করেছেন ২৫, খায়া জন্ডু ১৭ ও ক্রিস মরিস ১৪। কাগিসো রাবাদা মান বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংস।
কুলদীপ ও যুজবেন্দ্রর ৪ উইকেটের বাইরে ২ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। বোলারদের দাপুটে পারফরম্যান্সে ৪০ ওভারে ১৭৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।