কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হেরে হিসাবটা কঠিনই হয়ে গেল প্রাইম দোলেশ্বরের। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে থাকা দলটি এখন চারে। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপা জিততে হলে দোলেশ্বরকে বাকি তিন ম্যাচ জিততেই হবে।
সকালে বিসিবির কার্যালয়ে ঢোকার আগে লবিতে দাঁড়িয়ে খানিকক্ষণ নাসির হোসেন-রকিবুল হাসানের ব্যাটিং দেখলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচ যখন ভেতরে ঢুকে গেলেন, নাসিরের রান ৪। খানিক আগেই শুভাগত হোমকে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেছেন প্রাইম দোলেশ্বরের আইকন খেলোয়াড়। রুবেল হোসেনের তোপে দোলেশ্বর যখন ব্যাটিং বিপর্যয়ে, একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাসির।
বেশিক্ষণ অবশ্য লড়তে পারেননি নাসির। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হলো বৃষ্টি। দোলেশ্বরের রান তখন ৩৩ ওভারে ৬ উইকেটে ১০০। টানা তিন ঘণ্টার বৃষ্টি শেষে বেলা তিনটার দিকে ফের খেলা শুরু হলে দলটি আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ডি-এলে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১১৮ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই কাট করতে গিয়ে ফরহাদ রেজার বলে আউট ওপেনার মেহেদী মারুফ। একই শট খেলতে গিয়ে ৪১ রানের মধ্যে ফেরেন শুভাগত হোম ও নুরুল হাসানও। তিন ব্যাটসম্যান ‘কাটে কাটা’ পড়ার পর উন্মুক্ত চাঁদ ও সাব্বির রহমান আর বিপদ হতে দেননি। চতুর্থ উইকেট-জুটিতে ৫৫ রান যোগ করে তাঁরা দলকে পৌঁছে দেন নিরাপদ অবস্থানে। তবে প্রাইম ব্যাংকের সমাপ্তিরেখাটা টেনেছে তাইবুর-চাঁদের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট-জুটি। দুজন যোগ করেছেন ২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৩৩ ওভারে ১০০/৬ (নাসির ৩০*, সানজামুল ১৮, বেবি ১৭; রুবেল ২/১৯, নাজমুল ১/২৭)।
প্রাইম ব্যাংক: ২৫ ওভারে ১২২/৪ (চাঁদ ৪৩*, সাব্বির ২৮; সানজামুল ২/২৫, নাসির ১/১৮)।
ফল: প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী (ডি/এলে)
ম্যান অব দ্য ম্যাচ: রুবেল হোসেন।