ক্রলির শতকে সবচেয়ে খুশি নিশ্চয়ই ভিভ রিচার্ডস

ক্রলির শতকের পর রুটের অভিনন্দনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট শুরুর আগের দিন তাঁর কাছে প্রশ্নটা করা হয়েছিল ইংল্যান্ডের দুই ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের না থাকা নিয়ে। ইংল্যান্ডের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সেটিই তো ছিল সবচেয়ে বড় আলোচনার বিষয়! কিন্তু নিজের নামে স্টেডিয়ামে দাঁড়িয়ে প্রশ্নটার উত্তরে একটু যেন স্বেচ্ছাচারীই হলেন স্যার ভিভ রিচার্ডস। প্রশ্নটাকে পুরো এড়িয়েই গেলেন! উল্টো বলা নেই কওয়া নেই, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লেগে পড়লেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রলির প্রশংসায়!

তাঁর চোখে ‘অসাধারণ খেলোয়াড়’ ক্রলিকে কলি থেকে ফুল হয়ে ওঠার জন্য আরেকটু সময় দিতে ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছেন ভিভ। ২৪ বছর বয়সী, ৬ ফুট ৫ ইঞ্চি শরীরের ক্রলির হাতে শটের বাহার আছে, কিন্তু তাঁর ক্যারিয়ারের প্রথম ধাপটা ‘হিট অ্যান্ড মিস’ যাবে—এটাও মেনে নিতে ইংল্যান্ডকে আহ্বান ভিভের।

অ্যান্টিগার আগে ক্যারিয়ারের ২৮ টেস্টে মাত্র ২৮.২১ গড়, একটি শতক আর ৫টি অর্ধশতক বলে ‘মিস’ পর্বটাই এখন পর্যন্ত ভারি ক্রলির ক্যারিয়ারে। একমাত্র শতকটি আবার ২৬৭ রানের ইনিংস—এই তথ্যও হয়তো ক্রলির ব্যাপারে ভিভের কথায় সায় দেয়। তবে অ্যান্টিগায় কাল ‘হিট’ ক্রলি! ভিভের কথায় অনুপ্রাণিত হয়েই হয়তো, টেস্টের চতুর্থ দিনে কাল ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান।

২০২০ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ২৬৭ রানের ওই ইনিংসের প্রায় দেড় বছর আর ২১ ইনিংস পর তিন অঙ্কের দেখা পাওয়া ক্রলি দিন শেষে অপরাজিত ১১৭ রান করে। ঠিক ২০০ বলের ইনিংসে এখন পর্যন্ত ১৬টি চার মেরেছেন তিনি। ক্রিজের অন্য প্রান্তে যিনি আছেন, তিনি অবশ্য বেশিরভাগ সময়েই হিট—জো রুট! অনায়াসে ব্যাট করতে থাকা রুট অপরাজিত ৮৪ রানে। বৃষ্টিতে একটু আগেভাগে খেলা শেষ হওয়ার সময়ে দ্বিতীয় উইকেটে ৫২.১ ওভারে দুজনের অবিচ্ছিন্ন ১৯৩ রানের জুটিতে ১ উইকেটে ২১৭ রান নিয়ে কাল চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড।

হাতে ৯ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৫৩ রান এগিয়ে ইংলিশরা। সমীকরণটা টেস্টের তৃতীয় দিন শেষে এমন হলে হয়তো বলা যেত, জয়ের সম্ভাবনাটা ইংল্যান্ডের দিকেই ভারি। কিন্তু টেস্টে আর মাত্র এক দিন বাকি, অ্যান্টিগার পিচ এখনো সেভাবে ভাঙেনি। বাকি এক দিনে ইংল্যান্ড আরও কিছু রান করে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেবে, এমন সম্ভাবনা কমই! ক্রলি অবশ্য আশা ছাড়ছেন না, ‘আমরা টেস্টটা জেতার চেষ্টা করব। কীভাবে জেতা যায় সে নিয়ে আলোচনা করব, তবে আমার মনে হয় ওদেরকে অন্তত ৬৫-৭০ ওভার ব্যাটিং করানোর চেষ্টা করব আমরা।’

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে ১৫৭.৩ ওভার! আগের দিন ১৫৭ ওভারে ৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, কাল চতুর্থ দিনে ৩ বলের মধ্যে আনুষ্ঠানিকতার শেষ টেনে দেন জ্যাক লিচ। এলবিডব্লু করে দেন জেইডেন সিলসকে। ৩৭৫ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড কাল ৬৩.২ ওভার ব্যাট করে উইকেট হারিয়েছে মাত্র একটি।

২০২০ সালের আগস্টের পর এই প্রথম শতক দেখল ক্রলির ব্যাট
ছবি: এএফপি

সে অবশ্য ক্রলি আর রুটের বীরত্ব। উইকেটটা তো ইনিংসের ১১তম ওভারে দলের ২৪ রানেই হারিয়েছে ইংল্যান্ড! অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে আউট হওয়া অ্যালেক্স লিস কাল দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে করতে পেরেছেন ৬ রান। প্রথম ইনিংসের মতো এবারও কেমার রোচ টানা কয়েকটি আউট সুইঙ্গারের পর ভেতরে ঢোকানো বলে তুলে নিয়েছেন লিসকে। ১৯৯১ সালে হিউ মরিসের পর এই প্রথম ইংল্যান্ডের কোনো উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক টেস্টের দুই ইনিংসেই এক অঙ্কের স্কোরে আউট হলেন।

তবে লিস প্রেরণা খুঁজতে পারেন নিজের এলাকা ইয়র্কশায়ার থেকে। ইয়র্কশায়ার থেকে ইংল্যান্ডে দলে যাওয়ার পর অভিষেক টেস্টের দুই ইনিংসেই এক অঙ্কে আউট হওয়া সর্বশেষ ব্যাটসম্যানের নাম লেন হাটন। ৭৯ টেস্টে ৫৬.৬৭ গড়ে ৬৯৭১ রান, ১৯ শতক, ৩৩ অর্ধশতক—পরিসংখ্যানগুলো বলে, ১৯৩৭ সালে অমন দুঃস্বপ্নের অভিষেকের পর হাটন খুব একটা খারাপ করেননি।

রুট আছেন চেনা ছন্দেই
ছবি: এএফপি

লিসের বিদায়ের পর নিজের নতুন তিন নম্বর পজিশনে নেমেছেন রুট। নতুন পজিশনে তিনি কীভাবে মানিয়ে নেবেন—সংশয়ের উত্তর দিতে সময় লাগেনি মোটেও। মধ্যাহ্নবিরতির আগে ক্রলির সঙ্গে তাঁর জুটিতে এসেছে ৪৮ রান, চা বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে দুজন যোগ করেছেন আরও ৭৪ রান। জুটিটা ইংল্যান্ডের টপ অর্ডার নিয়ে সমালোচনায় আপাতত বাধও দিচ্ছে কিছুটা। অস্ট্রেলিয়ায় অ্যাশেজে খড়কুটোর মতো উড়ে যাওয়া ইংলিশ টপ অর্ডার গত বছরে ৭০ বা তার কম রানে ৫ উইকেট হারিয়েছে ৮ বার!

আগের দিন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশ দ্রুতগতিতে রান তুলেছে ইংল্যান্ড, ক্রলি তার কেন্দ্রবিন্দু। তাঁর ১৬ চারের বেশিরভাগই হয় স্কয়ারে নতুবা উইকেটের পেছনে। অর্ধশতক পেরিয়েছেন ঠিক ১০০ বলে, পরের ৫০ পেতে তাঁর লেগেছে আর ৮১ বল। জেইডেন সিলসকে লেগ সাইডে ঠেলে দুই রানে শতকে পৌঁছানোর তৃপ্তি কতটা ছিল? ‘এই শতকটা অনেক অনেক বেশি কিছু আমার কাছে। সর্বশেষ শতকের পর অনেক দিন পেরিয়ে গেছে, গত বছর তো এমন সময় গেছে যখন মনে হয়েছে আর শতক পাবই না।’

অন্যদিকে রুট এগিয়ে চলেছেন ২৪তম টেস্ট শতকের দিকে। চা বিরতির আগেই ১০৮ বলে অর্ধশতকে পৌঁছানো রুটকে ইনিংসের কোনো অংশেই নড়বড়ে মনে হয়নি।