দেড় বছর পর সাকিব-মুশফিকের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব-মুশফিকের রেকর্ড গড়া জুটি এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। ছবি: বিসিবি।
সাকিব-মুশফিকের রেকর্ড গড়া জুটি এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। ছবি: বিসিবি।

স্ট্রেট ড্রাইভটা উইকেট পেরোনোর পরই ব্যাট তুলে ফেলতে পারতেন সাকিব আল হাসান। এ বল যে বাউন্ডারির আগে থামছে না বোঝাই যায়। দুর্দান্ত ওই স্ট্রেট ড্রাইভেই এল সাকিবের ফিফটি। ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিমও। এ দুজনের ব্যাটে মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২৬৯ রান।

টিম সাউদিকে মারা শটটি ব্যতিক্রম। না হলে আজ সাকিবের অধিকাংশ রানই এসেছে উইকেটের পেছনে। নিউজিল্যান্ডের পিচে উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য এটাই স্বাভাবিক। তবে প্রথম পঞ্চাশ রানের ৩৬ রানই উইকেটের পেছনের আসাটা একটু চিন্তার বিষয়। সাকিবের অবশ্য এ নিয়ে ভাবতে বয়েই গেছে। ২০১৫ সালে মে মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় খেলেছিলেন ৮৯ রানের অপরাজিত এক ইনিংস। এর পর থেকেই টেস্টে পঞ্চাশের দেখা মিলছিল না সাকিবের। এটাও ঠিক ঢাকায় সে টেস্টের পর বাংলাদেশ সাদা পোশাকে খেলেছেই মাত্র পাঁচটি টেস্ট। তবু সাকিবের কাছে তো দলের চাহিদা অনেক। অবশেষে দলের প্রয়োজনের দিনে জ্বলে উঠলেন সাকিব। ৬৬ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার।
দেড় বছর পর টেস্টে ফিফটি পেয়েছেন মুশফিকও। অধিনায়কের অপেক্ষা অবশ্য সাকিবের তুলনায় কম ছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঢাকায় ৬৫ রানের ইনিংসের পর টেস্টে ব্যাট করেছেন মাত্র চারবার। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, সফরের শুরুতে পাওয়া চোট যে মুশফিককে কাবু করতে পারেনি সেটাই বুঝিয়ে দিয়েছে অপরাজিত ৫৩ রানের ইনিংস। ফিফটিও পেয়েছেন প্রিয় স্লগ সুইপে, মিচেল স্যান্টনারের বলে। যে স্যান্টনার অবশেষে হাত ঘোড়ানোর সুযোগ পেয়েছেন ইনিংসের ৬৯তম ওভারে!
এ দুজনের কারণেই দিনের শুরুর ধাক্কাটা টের পেল না বাংলাদেশ। আগের দিনের রানের সঙ্গে কিছু যোগ করার আগেই ফিরেছেন মুমিনুল হক। পঞ্চম উইকেট জুটিতে ১০৯ রান যোগ করেছেন সাকিব-মুশফিক।