দেড়টা জয়ের সমান!
শেষ পর্যন্ত জয়টা ৪০৫ রানের। কিন্তু এটাও আসলে ঠিক বোঝাতে পারছে না লর্ডসে অস্ট্রেলিয়ার দোর্দণ্ড প্রতাপ কিংবা ম্যাচটা কতটা একতরফা হয়েছে! দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ড রান তুলল ৪১৫ (৩১২ ও ১০৩), আর অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ক্রিস রজার্স মিলেই ৪৯৫! ইংল্যান্ড নিল ১০ উইকেট, অস্ট্রেলিয়া ২০টি। ড্র করতে হলে ইংল্যান্ডকে প্রায় পাঁচ সেশন টিকে থাকতে হতো, দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুকের দল টিকল মাত্র ৩৭ ওভার। ফলাফল, কার্ডিফে চার দিনে হারের শোধ নিল অস্ট্রেলিয়া লর্ডসে ইংল্যান্ডকে চার দিনে হারিয়ে।
তবে অস্ট্রেলিয়ানদের কাছে এ জয়ের মাহাত্ম্য শুধু এটুকুই নয়। সিরিজ আপাতত ১-১ সমতায়। কিন্তু লর্ডসে জয়ের ধরনটার কারণেই মাইকেল ক্লার্কের দল মানসিকভাবে এগিয়ে গেল বলে মনে করছেন কেউ কেউ। মেলবোর্ন এজ-এর ক্রীড়া সাংবাদিক গ্রেগ বাম তো লিখেই দিয়েছেন, ‘ব্যবধানটা এমন অস্বাভাবিক রকম বড় যে, এটা আসলে দেড়টা জয়ের সমান। নৈতিকভাবে অস্ট্রেলিয়া এই সিরিজে এগিয়ে।’
এই বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও প্রতিপক্ষ সমতা ফেরাল। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, তারপর নিউজিল্যান্ড, এবার অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার ব্যাটিং। গত পরশুই যেমন ৫০৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামার পর ৪২ রানেই পড়ে গেছে প্রথম ৩ উইকেট। সর্বশেষ ১৩ ইনিংসে এ নিয়ে সপ্তমবারের মতো ইংল্যান্ড ৪৩ রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারাল! জমছে না ওপেনিং জুটিও। বছর তিনেক আগে অ্যান্ড্রু স্ট্রাউস অবসর নেওয়ার পর উদ্বোধনী জুটিতে কুকের সঙ্গী হয়েছেন ছয়জন ব্যাটসম্যান। থিতু হতে পারছেন না কেউই। সব মিলিয়ে কুকের কণ্ঠে শঙ্কা, ‘গত তিন-চার মাসে আমরা অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছি, যখন আমাদের ৩০ রানে ৪ উইকেট কিংবা ৪০ রানে ৩ উইকেট চলে গেছে। কোনো দলের জন্যই এটা আদর্শ পরিস্থিতি নয়। এটা উদ্বেগের বিষয়। আগামী কয়েক দিন আমাদের এ নিয়ে কাজ করতে হবে।’
ইংল্যান্ডের জন্য যেটা দুশ্চিন্তা, সেই টপ অর্ডারই আসলে ম্যাচের লাগাম এনে দিয়েছে অস্ট্রেলিয়ার হাতে। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ওপেনার ক্রিস রজার্স, তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন স্টিভেন স্মিথ। পরে দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করে স্মিথ ম্যাচসেরা তো হয়েছেনই, জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়ও। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটির সর্বশেষ কীর্তিটা ৮১ বছর আগের। ১৯৩৪ সালে ওভালে যেটি গড়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। এই পারফরম্যান্স টেস্ট ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ের শীর্ষে ফিরিয়ে এনেছে স্মিথকে।
সর্বশেষ অ্যাশেজে ৩৭ উইকেট নিয়ে বলতে গেলে ইংল্যান্ডকে একাই হারিয়ে দিয়েছিলেন মিচেল জনসন। কার্ডিফে প্রথম টেস্টে সেই জনসন হয়ে ছিলেন নিজের ছায়া (১৮০ রানে মাত্র ২ উইকেট)। লর্ডসের উইকেটে পেসারদের জন্য তেমন কিছুই ছিল না। অথচ সেখানেই বলে আগুন ঝরালেন জনসন। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট যা একদমই বোঝাতে পারছে না। অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সফলতম বোলার জেমস অ্যান্ডারসন দুই ইনিংসেই উইকেটশূন্য। ৫৯ ম্যাচ পর এই প্রথম কোনো টেস্টে একটিও উইকেট না পাওয়ার অভিজ্ঞতা হলো অ্যান্ডারসনের। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন কিন্তু দায় দেখেছেন নিজেদেরই, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে এ রকম উইকেটে খেলার সিদ্ধান্ত ভুল। কারণ জনসন যদি সাহায্য না পায়, তাহলে আমাদের অ্যান্ডারসন-ব্রডও পাবে না। আর কেউ কোনো সাহায্য পেলে সেটা জনসনই পাবে, কারণ ওর গতি ঘণ্টায় ৯২ মাইল।’
এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৯ জুলাই। ক্রিকইনফো, রয়টার্স।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫৬৬/৮ ডি. (স্মিথ ২১৫, রজার্স ১৭৩, নেভিল ৪৫; ব্রড ৪/৮৩, রুট ২/৫৫) ও ২৫৪/২ ডি. (ওয়ার্নার ৮৩, স্মিথ ৫৮, রজার্স ৪৯*; মঈন ২/৭৮)।
ইংল্যান্ড: ৩১২ (কুক ৯৬, স্টোকস ৮৭, মঈন ৩৯; জনসন ৩/৫৩, হ্যাজলউড ৩/৬৮) ও ১০৩ (ব্রড ২৫, রুট ১৭; জনসন ৩/২৭, হ্যাজলউড ২/২০, লায়ন ২/২৭)।
ফল: অস্ট্রেলিয়া ৪০৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভ স্মিথ।