দেয়াল ভাঙল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কের আলিঙ্গনে ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার নকআউট পর্বের দেয়াল ভাঙার নায়ক এই লেগ স্পিনারই l এএফপি
অধিনায়কের আলিঙ্গনে ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার নকআউট পর্বের দেয়াল ভাঙার নায়ক এই লেগ স্পিনারই l এএফপি

টস হেরে আগে ফিল্ডিং, রান তাড়ার চাপ, চাপ মানে ‘চোক’...দক্ষিণ আফ্রিকা...আবার?
মার্ক নিকোলাস এগিয়ে ধরলেন মাইক্রোফোন। এবি ডি ভিলিয়ার্সের চেহারা নির্লিপ্ত, ‘শ্রীলঙ্কা যত রানই করুক, আমরা টপকে যাব। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কেউ আমাদের আটকাতে পারবে না।’ দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কথা প্রায় হারিয়ে গেল সিডনির গ্যালারি ভরা লঙ্কানদের চিৎকারে। টিভির সামনে কোটি কোটি দর্শকও নিশ্চয়ই পাত্তা দেয়নি খুব একটা। হানসি ক্রনিয়ে, শন পোলক বা গ্রায়েম স্মিথ—সব দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কণ্ঠেই এ কথা শোনা গেছে। ডি ভিলিয়ার্সের আত্মবিশ্বাসকে মেকি ধরে নিয়ে দক্ষিণ আফ্রিকার আরেকটি ‘চোক’ দেখার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন বুঝি প্রায় সবাই।
সাড়ে ৫ ঘণ্টা পর...। মাঠের ছবিতে জয়-পরাজয় বোঝার উপায় নেই। বরং মনে হচ্ছিল চলছে সাঙ্গাকারা-জয়াবর্ধনের বিদায় সংবর্ধনা। দুজনকে সবার আগে মাঠ ছাড়ার সুযোগ দেওয়া হলো। দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফের সবাই সাঙ্গা-জয়ার পিঠ চাপড়ে দিতে, বুকে জড়িয়ে ধরতেই ব্যগ্র। জয়ী দলের সেমিফাইনালে ওঠার বাঁধনহারা আনন্দ কোথায়!
ম্যাচের উত্তেজনা শেষ আসলে অনেক আগেই। বলা ভালো, ম্যাচই তো হলো না। ১০০ ওভারের ম্যাচ ৫৫ ওভারেই শেষ হলে আর ‘ম্যাচ’ থাকে নাকি! চোকার্স তকমা নিত্য কাঁটা হয়ে বেঁধে দক্ষিণ আফ্রিকানদের। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হওয়ার পরও কখনো জিততে পারেনি বিশ্বকাপের নকআউট ম্যাচ! বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত নকআউট ম্যাচ উপহার দিয়ে কাল সেই যন্ত্রণার দেয়াল গুঁড়িয়ে দিলেন ডি ভিলিয়ার্সরা। আগের কোনো দক্ষিণ আফ্রিকা দল যা পারেনি, ডি ভিলিয়ার্সের দল ডিঙিয়ে গেল সেই ইতিহাসের দেয়াল। প্রথম নকআউট ম্যাচ জয়! সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে, যে দল নকআউট ম্যাচ তুড়ি মেরে জিতে দেখিয়েছে বহুবার। ফাইনালের আগে যাদের থামানো কঠিন।
কাল লঙ্কানদের যে অভিজ্ঞতা হলো সেটি খুব ভালো করে জানেন ডি ভিলিয়ার্স। ৮ বছর আগে, তাদের বিপক্ষেই বিশ্বকাপ সেমিফাইনাল এ রকম একতরফা বানিয়ে ছেড়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছিল ১৪৯ রানে। কাল শ্রীলঙ্কাকে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ১৩৩ রানে। অস্ট্রেলিয়ার সেই জয়ে শন টেইটের ৪ উইকেট, গ্লেন ম্যাকগ্রার ৩ উইকেট শুনলে যতটা স্বাভাবিক মনে হয়, ততটাই অস্বাভাবিক কালকের বোলিং বীরত্বের দুই প্রোটিয়া বীরের নাম। রঙিন পোশাকে ইমরান তাহির বেশ ভালো বোলার বটে, কিন্তু লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হবেন, ভাবতে পেরেছিলেন কজন! এটিও যদি না হয়, সবার কল্পনাশক্তির চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন নিশ্চয়ই জয়ের আরেক নায়ক। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিক করবেন জেপি ডুমিনি, কোনো ক্রিকেট অনুসারীর সুদূরতম কল্পনাও এত দূর পৌঁছানোর কথা নয়!
দুই স্পিনারকে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন অবশ্য প্রোটিয়া পেসাররাই। দুই ওপেনারকে দ্রুতই ফিরিয়েছেন অ্যাবট-স্টেইন, পরে মরকেলও এসে রানের চাকাকে গতি পেতে দেননি। রানপ্রবাহে থাকা কুমার সাঙ্গাকারা পর্যন্ত ছটফট করেছেন ডানাকাটা পাখির মতো। ১৬ বলে প্রথম রান, ২৭ বলে ২, ৪২ বলে ৬, ৯০ বলে ৩৪, শেষ পর্যন্ত ৯৬ বলে ৪৫—সাঙ্গার গত কিছুদিনের রানের স্রোতের চেয়েও অবিশ্বাস্য এই সংখ্যাগুলো। দুজনের ওয়ানডে ক্যারিয়ার আরেকটি ম্যাচ দীর্ঘায়িত করার মতো কিছু করতে পারলেন না জয়াবর্ধনেও। নবম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারা যখন ফিরছেন ড্রেসিংরুমে, সিডনির আকাশ তখন অঝোরে কাঁদছে। প্রকৃতিও বুঝে ফেলেছে দুই কিংবদন্তির বিদায়!
দুঃস্বপ্নের ইতিহাস মাড়িয়ে এগিয়ে চলতে প্রত্যয়ী প্রোটিয়াদের সামনে বাধা হতে পারেনি বৃষ্টিও। বরং ছোট রান তাড়ায়ও কুইন্টন ডি ককের ফর্মে ফেরা দুর্দান্ত এক ইনিংস দলকে দিয়েছে প্রাপ্তির পূর্ণতা। ম্যাচের দুই ঘণ্টা আগে রঙ্গনা হেরাথের বদলি হিসেবে আইসিসির অনুমোদন পেয়ে মাঠে নেমেছিলেন অফ স্পিনার থারিন্ডু কৌশল। শ্রীলঙ্কার ‘নতুন মুরালি’ অভিষেকে জাদু দেখানোর সুযোগই পেলেন না। স্কোরবোর্ডে রান কোথায়!
এমন জয়ে অন্তত একটি ম্যাচের জন্য হলেও চোকার্স তকমাটা দূরে রাখতে পারলেন ডি ভিলিয়ার্সরা। একেবারেই উড়িয়ে দিতে জিততে হবে আর দুটি মাত্র ম্যাচ!
একটি প্রথম যখন হয়েই গেল, আরেকটি কেন নয়!