দোলেশ্বর অলআউট ১৮৮ রানে

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সমীকরণটা সরল—ম্যাচ জিতে সুপার লিগের স্বপ্ন বাঁচাও। সেই স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৮৯ রানের লক্ষ্য পেয়েছে প্রাইম ব্যাংক। পয়েন্ট তালিকার শীর্ষ দল প্রাইম দোলেশ্বর ৪৭.৪ ওভারে অলআউট হয়েছে ১৮৮ রানে।
টস জিতে ফিল্ডিং নেওয়া প্রাইম ব্যাংক দোলেশ্বরের প্রথম উইকেট তুলে নেয় দিনের ষষ্ঠ বলেই। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বলে খোঁচা মেরে স্লিপে মেহেদী মারুফের হাতে ক্যাচ দেন রবিউল ইসলাম। স্কোর বোর্ডে তখন মাত্র ১ রান। দোলেশ্বরের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল সময়টা এরপরই আসে ইমতিয়াজ হোসেন ও রকিবুল হাসানের ৫০ রানের জুটিতে।
ফর্মে থাকা ব্যাটসম্যান ইমতিয়াজ ৪৫ বলে ৫ চারে করেছেন ৩২। এই ইনিংস খেলার পথেই গাজী গ্রুপের শামসুর রহমানকে (৫১৬) টপকে লিগে ব্যাটসম্যানদের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছেন ইমতিয়াজ (৫২৬)।
দ্বাদশ ওভারে পেসার মোহাম্মদ আজিমের বলে কাভারে তাইবুরের হাতে ইমতিয়াজ ক্যাচ হতেই ধসের সূচনা দোলেশ্বরের ইনিংসের। পরের ১৬.৩ ওভারে একটিও বাউন্ডারি না পাওয়া দোলেশ্বর এই সময়ে হারিয়েছে ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়া ও নাসির হোসেনকে। ২৮তম ওভারে বাউন্ডারি খরা ঘুচলেও থামেনি উইকেট পতনের ধারা। দুই-তিনবার অল্পের জন্য বেঁচে যাওয়া রকিবুল (৭৫ বলে ৪৪) আউট ৩১তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসাবে। এরপর বলার মতো রান পেয়েছেন শুধু রনি তালুকদার। ফর্মে ফিরতে মরিয়া রনি সাতে নেমে ৩৬ বলে করেছেন ৩৩ রান।
দোলেশ্বরের রানটা শেষ পর্যন্ত ১৮৮ হয়েছে শেষ জুটিতে রাহাতুল ফেরদৌস ও আল আমিন হোসেন ২১ রান যোগ করাতেই।
প্রাইম ব্যাংকের পেসার আজিম ও বাঁহাতি স্পিনার মনির নিয়েছেন ৩টি করে উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন রুবেল ও শুভাগত।