দোলেশ্বরে ডুবল মোহামেডানের তরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের শিরোপা-স্বপ্ন ভেঙে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখল প্রাইম দোলেশ্বর। মোহমেডানকে শিরোপা লড়াই থেকে ছিটকে ফেলতে ২১৪ রান দরকার ছিল দোলেশ্বরের। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লক্ষ্যটা ১২ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বুড়িগঙ্গার ওপারের দলটি। 

ফতুল্লার নির্ভেজাল ব্যাটিং উইকেটে সাবধানী ব্যাটিং করেই লক্ষ্যে পৌঁছায় দোলেশ্বর। ৩৫ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারালেও এক প্রান্ত ধরে রেখেছেন রকিবুল হাসান। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৮৬ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। তাঁর ১২৭ বলের ইনিংসে আছে ৫টি চার ও লং অন দিয়ে মারা একটি ছক্কা।
দ্বিতীয় উইকেটে রনি তালুকদারকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন রকিবুল। রনি আউট হয়েছেন ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ হয়ে। এরপর অল্প রানে ফিরেছেন ভারতীয় ব্যাটসম্যান শচীন বেবিও (১৭)। ১৩৫ রানে ৩ উইকেট হারানোর পর নাসির হোসেনকে নিয়ে বাকিটা পথ পাড়ি দিয়েছেন রকিবুল।
৪০ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন নাসির। অবশ্য আউট হতে পারতেন তিনি। দুই দলের স্কোর যখন সমান তখন স্কয়ার লেগে ক্যাচ উঠিয়েছিলেন নাসির। কিন্তু মোহামেডানের ফিল্ডার চেষ্টা করেও ধরে রাখতে পারেননি ক্যাচটি। এরই ফাঁকে ১ রান নিয়ে ম্যাচ শেষ করে দিয়েছেন নাসির। এর আগে বল হাতেও ২ উইকেট, ম্যাচসেরা হয়েছেন নাসিরই।
টস জিতে ব্যাট নিয়ে মোহামেডান ৪৯ ওভারে অলআউট হয় ২১৩ রানে। ফিফটি করেছিলেন সৈকত আলী।
এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট দোলেশ্বরের। ১৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৪।