দোলেশ্বরে হোঁচট প্রাইম ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ উইকেটের পথে আরও একটা অর্জন দেলোয়ারের। অধিনায়ক মুশফিকুর রহিমসহ প্রাইম দোলেশ্বরের সতীর্থরা ছুটে এলেন অভিনন্দন জানাতে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
৫ উইকেটের পথে আরও একটা অর্জন দেলোয়ারের। অধিনায়ক মুশফিকুর রহিমসহ প্রাইম দোলেশ্বরের সতীর্থরা ছুটে এলেন অভিনন্দন জানাতে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

শুরুর তাণ্ডবটা যৌথ। শেষেরটা দেলোয়ার হোসেনের একার। আর তাতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংস থেমে গেল ১৫৩ রানে। সকালের কুয়াশার কারণে ৩৮ ওভারে কমে আসা ম্যাচে প্রাইম দোলেশ্বর সেই রান টপকে গেছে ২৮.২ ওভারেই। সুপার লিগের দুই ম্যাচে প্রাইম ব্যাংকের এটি প্রথম হার, প্রাইম দোলেশ্বরের দ্বিতীয় জয়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের ইনিংসে ধস নামানোর কাজটা ম্যাচের নায়ক দেলোয়ারের হাত ধরে। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার সৌম্য সরকারকে ডেভিড ম্যালানের ক্যাচ বানালেন ডিপ এক্সট্রা কাভারে। ১৯ রানে প্রথম উইকেটের পতন। এরপর মাত্র ৪৫ রানের মধ্যে বিদায় নেয় আরও চার ব্যাটসম্যান। দুটি করে উইকেট ভাগ করে নেন হাবিবুর রহমান আর ইলিয়াস সানি। অবশ্য এসব উইকেট বোলাররা ‘পেয়েছেন’ নাকি ব্যাটসম্যানরা ‘দিয়েছেন’, সেটা নিয়ে প্রশ্ন করাই যায়। বেশির ভাগ আউটই মনে হলো বোলারদের জন্য প্রাইম ব্যাংক ব্যাটসম্যানদের ‘উপহার’।

৬৪ রানে ৫ উইকেট পড়ার পর বিপর্যয়ে সাময়িক বাঁধ দিতে পেরেছিলেন তাইবুর পারভেজ আর শুভাগত হোম চৌধুরী। প্রায় ১৩ ওভার একসঙ্গে থেকে ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন ৬০ রানের জুটি। কিন্তু পেসার দেলোয়ারকে স্কয়ার কাট করতে গিয়ে শুভাগত পয়েন্টে ক্যাচ হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রাইম ব্যাংকের ইনিংস। ওই ওভারে এলবিডব্লু হয়ে যান ফরহাদ রেজাও। দেলোয়ারের তোপে মাত্র ২৯ রানে পড়ে প্রাইম ব্যাংকের শেষ ৫ উইকেট। সৌম্যের পর এই ৫ উইকেটের চারটিও গেছে দেলোয়ারের দখলে। ৭ ওভারে ২৬ রানে ৫ উইকেট আর দুই মেডেন—খেলা শেষে ম্যাচ রেফারি রকিবুল হাসান দেলোয়ারের হাতেই তুলে দেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া দেলোয়ার এবারের লিগে কালই প্রথম পেলেন ৫ উইকেট, পেলেন প্রথম ম্যাচসেরার পুরস্কারও। খেলা শেষে খুলে বললেন ভালো বোলিংয়ের রহস্যটা, ‘উইকেটগুলো আমি পেয়েছি গতিতে বৈচিত্র্য এনে। তা ছাড়া সুপার লিগে উইকেটের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে। পেসাররা সুবিধা পাচ্ছে। আর প্রথম পর্বে খেলা হয়েছে এসজি বলে। ওই বলটা এক-দুই ওভার পরই নষ্ট হয়ে যেত। এখন কোকাবুরা বল দেওয়ায় সবার জন্যই ভালো হয়েছে।’

শেষ দিকে দুটি বিশাল ছক্কায় মাত্র চার বলে ১২ রান করে প্রাইম ব্যাংকের ড্রেসিংরুম মাতিয়ে তুলেছিলেন তাসকিন। কিন্তু তাতেও দলের রানটা ভালোভাবেই থেকে গেছে দোলেশ্বরের ধরাছোঁয়ার মধ্যে। দোলেশ্বরের ৪৬ রানে সঙ্গী ওপেনার মেহেদী মারুফকে হারালেও আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা রনি তালুকদার ফিরেছেন দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে।

বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের বলে বোল্ড হওয়ার আগে রনির রান ৬০ বলে ৭৭, বাউন্ডারির সঙ্গে ছক্কা চারটি। এর মধ্যে দুটি ছক্কা যাঁর বলে আউট হয়েছেন সেই এনামুলকে, শেষটি মেরেছেন আউট হওয়ার ঠিক আগের বলেই। রনি অন্য দুটি ছক্কা মেরেছেন তাসকিন আর তাইজুলকে। দলের ১২৬ রানে রনির আউটের পর ইংলিশ ক্রিকেটার ম্যালানকে (১৭*) নিয়ে অনায়াস জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক মুশফিকুর রহিম (২৫*)।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক–দোলেশ্বর, মিরপুর

প্রাইম ব্যাংক: ৩৫.৪ ওভারে ১৫৩ (শুভাগত ৩৭, তাইবুর ২৬; দেলোয়ার ৫/২৬, ইলিয়াস ৩/৩৪, হাবিবুর ২/২৫)। 

প্রাইম দোলেশ্বর: ২৮.২ ওভারে ১৫৪/৩ (রনি ৭৭, মুশফিক ২৫*; সৌম্য ১/১৭)।

ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: দেলোয়ার হোসেন।