দুই দলের স্কোর সমান। প্রাইম দোলেশ্বরের নাসির হোসেন চাইলেন ছক্কা মেরেই ম্যাচের সমাপ্তি টানতে। টাইমিংয়ের গড়বড়, স্কয়ার লেগে উঠে গেল ক্যাচ। কিন্তু মোহামেডানের ফিল্ডার সহজ ক্যাচটাকে হাতে জমাতে পারলেন না। এরই মধ্যে ব্যাটসম্যানরা একবার জায়গা বদল করে ফেলেছেন। ফল, মোহামেডানের ২১৩ রান ১২ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল দোলেশ্বর।
শেষ দৃশ্যটার মতোই কাল ফতুল্লায় পুরো ম্যাচে হতশ্রী মোহামেডান। দোলেশ্বরের কাছে এই হারে দলটি লিগ শিরোপা জয়ের দৌড় থেকে পুরোপুরিই ছিটকে পড়ল। আগের ম্যাচে মাত্র ১১১ রানে অলআউট হয়ে আবাহনীর কাছে ২৬০ রানে হারা মোহামেডান কাল এক ওভার বাকি থাকতেই অলআউট ২১৩ রানে।
সৈকত আলী ও আরিফুল হক ছাড়া দোলেশ্বরের স্পিন আক্রমণের জবাব হতে পারেননি কেউ। তিনে নেমে এই মৌসুমে ঢাকা লিগে প্রথম ফিফটি পেয়েছেন সৈকত (৭৬ বলে ৫১)। ছয়ে নেমে ৪৮ রান করেছেন আরিফুল। মোহামেডানের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম ফিরেছেন ২০ রানে। তাঁর ৪২ বলের ইনিংসে চার-ছয় নেই একটিও। দোলেশ্বরের চার স্পিনার সানজামুল, রেজাউল, নাসির ও রাহাতুল প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।
ফতুল্লার ব্যাটিং বান্ধব উইকেটে রান তাড়ায় বেশ সাবধানী ছিল দোলেশ্বরও। বিশেষ করে ওপেনার রকিবুল কোনো ঝুঁকিতেই যাননি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ৮৬ রানে অপরাজিত ছিলেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। তাঁর ১২৭ বলের ইনিংসে ৫টি চারের সঙ্গে আছে লং অন দিয়ে মারা একটি ছক্কাও।
১৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে এসে জয়ের সমীকরণ মেলাতে বেশি সময় নেননি নাসির। ৪০ বলেই ৫২ রান করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান। ৪ চার ও ২ ছক্কার এই ইনিংস এবং বল হাতে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট—নাসিরই ম্যাচসেরা।
এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট হলো দোলেশ্বরের, এক ম্যাচ বেশি খেলে মোহামেডানের পয়েন্ট ১৪।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৪৯ ওভারে ২১৩ (সৈকত ৫১, আরিফুল ৪৮, মুশফিক ২০; রেজাউল ২/২৩, রাহাতুল ২/৩২, নাসির ২/৩৮, সানজামুল ২/৫০, আল আমিন ১/৪০)। দোলেশ্বর: ৪৮ ওভারে ২১৪/৩ (রকিবুল ৮৬*, নাসির ৫২*, রনি ২৮; ফয়সাল ১/২৪, হাবিবুর ১/৩৯, এনামুল জু. ১/৪৭)।
ফল: দোলেশ্বর ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।