দোলেশ্বরের দুই ওপেনারের সেঞ্চুরি

২৬৩ রানের লক্ষ্য। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের উদ্বোধনী জুটিই তুলে ফেলল ২১৪ রান।
এবারের লিগের প্রথম দুই শ রানের জুটিতেই কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৩৫ বল ও ৯ উইকেট হাতে রেখে হারিয়েছে দোলেশ্বর। সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনারই। ৭ চার ও ৫ ছয়ে ১১৩ বলে ১০৬ রান করে আউট হয়েছেন মেহেদী মারুফ। লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি করা রনি তালুকদার অপরাজিত ছিলেন ১৩২ রানে। তাঁর ১৩২ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।

এর আগে শেষ ১০ ওভারে ৯৮ রান তুলে ২৬২ রান পর্যন্ত যেতে পারে একাডেমি। ৫৩ বলে সর্বোচ্চ ৭৫ রান সাব্বির রহমানের, যাতে ছিল ৬টি চার ও ৪টি ছয়। শেষের ঝড়ে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ শরীফ (১৯ বলে ৩০)। এ ছাড়া ৭০ রান করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।
কালকের এই জয়ের পর ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান একাডেমি: ৫০ ওভারে ২৬২/৯ (সাব্বির ৭৫, নাফিস ৭০, মেহেদী ৩০, শরীফ ৩০; দেলোয়ার ৪/৪১, শফিউল ২/৫৫)। দোলেশ্বর: ৪৪.১ ওভারে ২৬৪/১ (রনি ১৩২*, মারুফ ১০৬, মুমিনুল ১৭*; মেহেদী ১/৪২)।
ফল: দোলেশ্বর ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার।