দোষী নন কেয়ার্নস

অভিযোগ ছিল দুটি। শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রক্রিয়া প্রভাবিত করা। দুই অভিযোগ থেকেই মুক্তি পেলেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। প্রায় ৯ সপ্তাহের শুনানি শেষে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত কাল কেয়ার্নস নির্দোষ বলে রান দিয়েছে।
বিচার প্রভাবিত করার অভিযোগ ছিল এ মামলায় কেয়ার্নসের আইনজীবী অ্যান্ড্রু ফিচ-হল্যান্ডের বিরুদ্ধেও। কেয়ার্নসের সঙ্গে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনিও।
ঘটনাটির শুরু হয়েছিল আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদির একটি টুইট নিয়ে। কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন মোদি। কিন্তু ওই অভিযোগ তোলার কারণে ২০১২ সালে মোদির বিরুদ্ধে লন্ডনের আদালতে মানহানির মামলা করে জিতে যান সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার।
পরে অবশ্য ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেয়ার্নস। এরপরই শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে। চলমান এই মামলায় কেয়ার্নসের সাবেক কয়েকজন সতীর্থ ছাড়াও সাক্ষ্য দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। তবে কাল সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক তাঁর রায়ে বলেছেন, কেয়ার্নসের বিরুদ্ধে কোনো অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেননি বাদীপক্ষ। নিউজিল্যান্ড হেরাল্ড।