দৌড়ে শুধু পাইবাস-সিমন্সই নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল সিমন্স
ফিল সিমন্স

পাশার দান উল্টে রিচার্ড পাইবাসের চেয়ে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন ফিল সিমন্স। কাল এটা মোড় নিল অন্যদিকে। পাইবাস বা সিমন্সের কেউই হচ্ছেন বাংলাদেশ দলের নতুন কোচ-এমন একটা ধারণা তৈরি হয়েছিল। কিন্তু কাল বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান যা বলেছেন তাতে মনে হচ্ছে দৌড়টা এখন আর দুই ঘোড়ার নয়। নতুন আরও দু-তিনজন কোচ বাংলাদেশ দলকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বিসিবিও তাই আরেকটু সময় নিয়ে আর বুঝেশুনে নিয়োগ দিতে চায় নতুন কোচ। 

আগ্রহী কোচদের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিবি এখন চাচ্ছে একসঙ্গে দুই কাজ সেরে নিতে। প্রধান কোচের সঙ্গে ব্যাটিং কোচ ও পরামর্শকও এঁদের মধ্য থেকে নিয়ে নেওয়ার ভাবনা আর কী। ‘আজকেও (গতকাল) দুটি বায়োডাটা এসেছে। তারা আগ্রহ জানিয়েছে এবং তারা ভালো পর্যায়ের কোচ। প্রধান কোচ না হলেও কোনো না কোনোভাবে তাদের আমরা আনতে পারি’-বলেছেন বোর্ড সভাপতি। কৌশলগত কারণে নতুন করে আগ্রহ দেখানো কারও নাম বলেননি নাজমুল হাসান। একজন নাকি আছেন বিগ ব্যাশের একটি দলের দায়িত্বে। সূত্র জানিয়েছে, এদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ও কোচ গ্যারি কারস্টেন এবং শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান হাসান তিলকরত্নেও।
বোর্ড সভার আগে বিসিবি কার্যালয়ে পরিচালক আকরাম খান, জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন সিমন্স। বাংলাদেশ দল নিয়ে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন পরশু রাতে ঢাকায় আসা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। রিচার্ড পাইবাসের তুলনায় তাঁর প্রেজেন্টেশন হয়েছে অনেক সংক্ষিপ্ত। পাইবাসের প্রেজেন্টেশন ছিল প্রায় দুই ঘণ্টার, সিমন্স মাত্র ৪০ মিনিটেই তুলে ধরেছেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। তবে পাইবাসের তুলনায় তাঁর লক্ষ্যটা বেশ এগোনো। আগামী চার বছরের মধ্যে সব ধরনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে অন্তত পঞ্চম স্থানে দেখতে চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ। পাইবাসের মতো তিনিও স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি দুটো পরিকল্পনা উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন কোচ নিয়োগ না হলে কী করণীয়, সেটিও ঠিক হয়ে গেছে বিসিবির কালকের সভায়। বোর্ড সভাপতির কথায় পরিষ্কার-এই সময়ের জন্য কোনো অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে না, ‘আমাদের এখন যে কোচিং স্টাফ আছে এবং তিন অধিনায়ক আছে, তারা মিলেই সবকিছু করবে। বোর্ড থেকে হয়তো কাউকে দেখাশোনা করতে দেওয়া হবে। এই সিরিজের জন্য কাউকে হেড কোচ করার দরকার নেই। এখন যাঁরা আছেন রিচার্ড হ্যালসল, সুনীল যোশি, কোর্টনি ওয়ালশ-তাঁদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।’
বিপিএল শেষে ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগ। জাতীয় লিগের প্রথম পর্বে জাতীয় দলের খেলোয়াড়দের খেলা বাধ্যতামূলক। এরপর দুই-তিন দিন বিশ্রাম দিয়ে ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা তিন জাতি সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্প। প্রধান কোচ নিয়োগের জন্য প্রয়োজনে ওই পর্যন্ত সময়টুকু কাজে লাগাতে চায় বোর্ড। ‘কিছুদিন তো আমাদের সামনে সময় আছেই। তাই এখনই সিদ্ধান্ত না নিয়ে আমরা সংক্ষিপ্ত তালিকায় রেখেছি। বাকিদের সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব’-বলেছেন নাজমুল হাসান।
সংক্ষিপ্ত তালিকায় থাকাদের মধ্যে একজনের সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। আলোচনা বাকি শুধু পারিশ্রমিক ও কবে কাজে যোগ দিতে পারবেন, এ দুটো বিষয়ই।
তাহলে আর সিদ্ধান্তের বাকি রইল কী! বিসিবি নতুন আগ্রহীদের সঙ্গে হয়তো কথা বলতে চায় ব্যাটিং কোচ আর পরামর্শক খুঁজতেই।