দ্বন্দ্বে ধন্দে ভরপুর দেরাদুন

শুক্রবার রাত একটার পর, ইংরেজি মতে যা কিনা শনিবার, আফগানরা যখন প্রস্তুতি ম্যাচ ড্যাং ড্যাং করে জিতে ডাগআউটের দিকে এগোচ্ছে, সাকিবরা তখন নতমুখ।
এই দৃশ্য চাক্ষুষ করতে দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তখন সরকারি কর্মী, পুলিশ, গোয়েন্দা, নিরাপত্তারক্ষী, দুই দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও বাংলাদেশি সংবাদমাধ্যমের জনা কুড়ি মিলিয়ে টেনেটুনে শ তিনেক নিশাচর হাজির। খাদ্য নেই, পানীয় নেই, ইন্টারনেট নেই, প্রেস সেন্টার থেকেও নেই, টিভি নেই, স্কোর বোর্ড নেই, খেলোয়াড় ও স্কোরারদের ত্রিসীমানায় পৌঁছানোর উপায় নেই, অথচ বাংলাদেশ ও আফগানিস্তান তাদের গা ঘামানো ম্যাচটা শুরু করে দিল রাত সাড়ে নয়টায়!
আমরা ঘড়ি দেখলাম ও মনে মনে হিসাব কষলাম, রাত একটা অন্তত বাজবে এই চল্লিশ ওভার শেষ হতে। ঘটল ঠিক তা-ই। ১৬টা বল তখনো বাকি ছিল। আফগানরা তার আগেই জয় ছিনিয়ে নিয়েছে বলে রক্ষে, নইলে খেলাটা যদি দাঁত দিয়ে নখ কাটার মতো অবস্থায় পৌঁছে যেত, ওই ১৬ বল শেষ হতে নির্ঘাত রাত দেড়টা বেজে যেত। টান টান টি-টোয়েন্টিগুলোর ইতিহাস তো তা-ই বলে!
স্টেডিয়ামটা পাণ্ডববর্জিত এলাকায় হলেও অবশ্যই চোখ জুড়ানো ও অত্যাধুনিক। ২৩ একর জমির ওপর প্রায় ২৪০ কোটি রুপি খরচ করে যেটা তৈরি হয়েছে দেড় বছর আগে, এত দিন ধরে বিষণ্ন প্রতীক্ষায় কাটিয়েছে। এই প্রতীক্ষার অবসান হতে চলেছে, রোববার সেই মাহেন্দ্রক্ষণ। ২৫ হাজার দর্শক মাঠ ভরাবে কি না বলতে পারব না, তবে এই অপেক্ষার অবসান তো ঘটবে। এখন চলছে শেষ মুহূর্তের টুকিটাকি প্রসাধন।
খেলা শুরুর সময় রাত আটটা। ঢাকা কিংবা কলকাতা অথবা হিল্লি-দিল্লি যেখানেই এই খেলাটা হোক না কেন, সময়টা এমন চোখ কপালে ওঠার মতো মনে হতো না। ক্রিকেট যে সব জায়গার অবিতর্কিত ধর্ম, রাত কটা বাজল প্রশ্নটা সেখানে অবান্তর। কিন্তু এই দেরাদুনে সেটাই জোর প্রাসঙ্গিক। স্টেডিয়াম যেখানে গড়া হয়েছে, তার পাঁচ-সাত কিলোমিটার ব্যাসার্ধজুড়ে জঙ্গল আর জঙ্গল। মুসৌরি রেঞ্জের সেই জঙ্গল পাহাড় থেকে সমতলেই শুধু নেমে আসেনি, আবাহন করে এনেছে যাবতীয় বন্য প্রাণী, যাদের মধ্যে চিতাবাঘ অন্যতম। স্টেডিয়াম ঘেঁষা জঙ্গল তো ছেড়েই দিলাম, বনাঞ্চল পেরিয়ে দেরাদুন শহরের বসতিতে এই সেদিনও হানা দিয়েছে চিতাবাঘ। কুড়িটি বিনিদ্র রজনী যাপনের পর অবশেষে এক গৃহীর হেঁশেল থেকে ঘুম পাড়িয়ে সেই অবলা প্রাণীকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের অভয়ারণ্যে। শুক্রবার গভীর রাত পর্যন্ত যারাই আমরা ফাঁকা স্টেডিয়ামে আফগান-বাঙালির যুদ্ধের মহড়া দেখছিলাম, ঘুরেফিরে তাদের মনে ঘাই মারছিল ওই চিতাবাঘের কাহিনিগুলো। কর্তব্য করতে এসে শেষমেশ কি চিতার পেটে যেতে হবে?
তেমন ভাবনার কারণ যে নেই, তা-ও নয়। কারণ, স্টেডিয়াম পর্যন্ত আসা-যাওয়ার কোনো সরকারি বাহনের বন্দোবস্ত নেই। যারা আসবে, নিজ নিজ বাহনের ব্যবস্থা করতে হবে তাদের! এ যেন সরকারি বাহনের বিজ্ঞপ্তি, মাল নিজ দায়িত্বে রাখুন! স্টেডিয়াম তদারকিতে ব্যস্ত রাজ্য সরকারের কর্মীরা এই ‘অব্যবস্থার’ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলেও এ কথা স্বীকার করলেন, সরকারের অন্তত বাসের ব্যবস্থা করা দরকার। না হলে এই ঝাঁ-চকচকে স্টেডিয়াম কোনো দিনই তার একাকিত্ব ঘোচাতে পারবে না।
খেলাটা আরও দু-এক ঘণ্টা এগিয়ে আনাও তো যেত? তা না করে কেন রাত আটটা? এই প্রশ্নের ব্যাখ্যা অবশ্য পাওয়া গেল। রমজান মাস চলছে বলে দুই দেশের কর্তারা সময়টা ধার্য করেছেন ইফতারের বেশ খানিক পর।
পাহাড়ের একেবারে পাদদেশ বলতে যা বোঝায়, দেরাদুন শহরটা ঠিক তেমনই। মুসৌরি পাহাড়ের ঠিক কোলে। দিল্লি থেকে এতখানি উত্তরে হলেও ফি গ্রীষ্মে দিল্লির তাপপ্রবাহের সঙ্গে দেরাদুন রীতিমতো পাল্লা দেয় টি-টোয়েন্টির কায়দায়। দিল্লি যখন চল্লিশ-বিয়াল্লিশে দাঁড়িয়ে চোখ রাঙায়, দেরাদুন তখন তারই ধারেকাছে ঘুরঘুর করে। শুক্রবার সন্ধেয় চরাচরজুড়ে নামল বৃষ্টি। সঙ্গে হাগলি-পাগলি ঝড়। সেই ঝড়ে উপড়ে গেল কত গাছ। উড়ে গেল বিলবোর্ড। ভেসে গেল শহরের রাস্তা। কিন্তু জুড়িয়ে দিল ফুটিফাটা ধরিত্রী ও দগ্ধ মানুষের প্রাণ। ঝুপ করে তাপমান কমে গেল ১৫ ডিগ্রিতে। ফাঁকা স্টেডিয়ামে প্রায় কাঁপুনি ধরা হাল। দীর্ঘ দাবদাহ শেষে কী শান্তি, কী প্রশান্তি!
অথচ মনের মধ্যে খচখচ করতে লাগল, আফগানরা কী অবলীলায় না দুরমুশ করল প্রতিপক্ষকে? সাকিব আল হাসানেরা এই সমর্পণের কোনো ব্যাখ্যা দেননি। তাঁদের ধারেকাছে পৌঁছানোর উপায়ও ছিল না। যে উইকেটে শুক্রবার খেলা হলো, তা বিরাট বাউন্সি নয়; বরং কিছুটা স্লো। ব্যাটে বল আসছিল দেরিতে। কিন্তু তা হলেও দুই ওপেনার লিটন ও সৌম্য খুঁটি পোক্ত করে গাঁথতে পারলেন না। ভিত শক্ত না হলে মিডল অর্ডারে চাপ বাড়ে। সেই চাপ ঘাড়ে নেওয়ার মতো যোগ্যতা সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকদের যে নেই, তা নয়। কিন্তু সাত-দশ ওভারের বড় একটা পার্টনারশিপ তাঁরা দিতে পারলেন না। যেটা করে দেখাল আফগানরা। ২ উইকেট তাদেরও পড়েছিল ২২ রানে। কিন্তু সেখান থেকে সেঞ্চুরি পার্টনারশিপ! প্রস্তুতি যে তাদের ভালোই, বাঙালিদের চোখে আঙুল দিয়ে আফগানরা তা দেখিয়ে দিল।
অথচ তারা অনিকেত। ঝঞ্ঝাদীর্ণ দেশে ক্রিকেটই তাদের একমাত্র ‘ইউনিফাইং ফ্যাক্টর’। এই হালে, মাত্র এক বছর আগে আইসিসি তাদের ঘরোয়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছে। যে দেশটায় এখনো ওয়ানডে ক্রিকেটের কোনো টুর্নামেন্ট নেই, যে দেশে আধুনিক স্টেডিয়াম তৈরির কাজ এখনো শেষ হয়নি, জীবন যেখানে সব সময় পদ্মপাতার জলের মতো এই ছলকায় কি সেই ছলকায় অবস্থায় থাকে, সেখানে ক্রিকেট ঘিরে এমন একাগ্রতা অবিশ্বাস্য। এই ঘরহীন জীবনে প্রথম টি-টোয়েন্টি খেলতে তাই তারা ভারতের দেরাদুনকেই বেছে নিয়েছে। এটাই তাদের হোম গ্রাউন্ড। এখানে তারাই বরকর্তা। তাদের অবিশ্বাস্য পথ চলার আরও একটি বাঁক এখান থেকেই শুরু হতে চলেছে।
তামিম ইকবাল এসে গেছেন। রোববার প্রথম ম্যাচে তিনি অবশ্যই খেলবেন। মোস্তাফিজুর চোট পেয়ে দলকে তো বটেই, নিজেকেও হতাশ করে তুলেছেন। প্রাসঙ্গিক থাকার বিকল্প সন্ধান তাঁকে পেতেই হবে। তাঁর জায়গা নিয়েছেন আবুল হাসান। আফগানরা কিন্তু গা ঘামানো ম্যাচে রশিদ খান ও মুজিবুর রহমানকে ঝুলি থেকে বের করল না। বোঝাই যাচ্ছে, তুরুপের সব তাস তারা আগেভাগে বের করতে রাজি নয়।