দ্বিতীয় ইনিংস নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আছেন বলে এখনো আশা আছে। যদিও বাস্তবতা হলো, দ্বিতীয় ইনিংস নিয়ে এখনই ভাবতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। ছবি: শামসুল হক
সাকিব আছেন বলে এখনো আশা আছে। যদিও বাস্তবতা হলো, দ্বিতীয় ইনিংস নিয়ে এখনই ভাবতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। ছবি: শামসুল হক

সারা দিন আভাস দিলেও বৃষ্টি এল দিনের খেলা শেষে। বৃষ্টির কারণে সংবাদ সম্মেলনটাও শুরু হলো নির্ধারিত সময়ের খানিক পরে। বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই বলার মতো পারফরম্যান্স হয়নি কারও। স্বাভাবিক কারণেই সাংবাদিকদের মৃদু কৌতূহল, বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে কে আসবেন আজ?
এলেন ইমরুল কায়েস। ব্যাটিং ধসের মধ্যে যা একটু রান এসেছে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকেই। পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১০৭ রান তুলতেই বাংলাদেশের ৫ উইকেট নেই। দলের এমন পরিস্থিতিতেও ইমরুল আশাই দেখাচ্ছেন। প্রেরণা হিসেবে নিচ্ছেন গত ম্যাচকেই, ‘গত ম্যাচে আমরা দুই খেলোয়াড় দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম। উইকেটে যেকোনো সময় যেকোনো কিছুই ঘটতে পারে। সাকিব ব্যাটিং করছে, সৌম্য আছে। যেকোনো দুই ব্যাটসম্যান সেট হয়ে গেলে ভালো অবস্থানে যেতে পারব।’
দলের সামনে যেখানে ফলোঅনের চোখরাঙানি। ‘ভালো অবস্থান’ বলতে কী বোঝাচ্ছেন? ইমরুল জবাব দিলেন রক্ষণাত্মক ভঙ্গিতেই, ‘ভালো অবস্থান বলতে, প্রথম লক্ষ্যই থাকবে ফলোঅন এড়ানো। তারপর যতদূর সামনে এগোনো যায়।’ প্রথম ইনিংস নিয়ে খুব বেশি আশা করা কঠিনই। এ বাস্তবতা মানলেন তিনিও। এ কারণে যোগ করলেন, ‘এখনো দ্বিতীয় ইনিংস আছে। গত ম্যাচেও ব্যাকফুট থেকেই ভালো অবস্থানে এসেছিলাম। আজ টপ অর্ডার ব্যর্থ হয়েছে। এখনো দ্বিতীয় ইনিংস আছে। সেট হয়ে গেলে বড় কিছুর চেষ্টা করব।’
খুলনায় দারুণ খেলা দলটার হঠাৎ এমন ছন্দপতন! বিকেলের ধসটা নিঃসন্দেহে দলের জন্য নেতিবাচক দিক, আত্মবিশ্বাসে একটা ধাক্কা। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও আগের ম্যাচটা উত্সাহ দিচ্ছে ইমরুলকে, ‘এটা আমাদের জন্য নেতিবাচক দিক। দ্রুত ৫ উইকেট পড়ে গেছে। এ নিয়ে ভাবলে আরও পেছনে চলে যাব। সবকিছু ইতিবাচকভাবেই নিতে হবে। এখনো তিন দিন আছে। দুই-তিনটা ব্যাটসম্যান সেট হয়ে গেলে যেকোনো সময় মোমেন্টাম পরিবর্তন হয়ে যেতে পারে।’
তামিম ইকবালের আউট নিয়ে প্রশ্নের অবকাশ আছে। তামিম থাকলে ম্যাচের চেহারা অন্যরকমই হতে পারত বলে মনে করেন ইমরুল, ‘তামিমের আউটটা নিয়ে বললে...আসলে আম্পায়ার কল হওয়ায়...ও থাকলে অন্যরকম হতে পারত। এটা হয়ে গেছে। কিছু করার নেই। এখন সামনের দিকে তাকাতে হবে।’

পাকিস্তানি বোলাররা ভালো বোলিং করেছে, নাকি নিজেরা উইকেট দিয়ে এসেছেন—এ প্রশ্নটাও চলে এল সামনে। ইমরুল নিজেদেরই দায়ী করলেন এ ব্যাটিং ধসে, ‘ওরা খুলনায় ভালো বোলিং করেছে। আজও ভালো বোলিং করেছে। তবে আমরা কিছু বাজে শট খেলে আউট হয়েছি। যেটা আমাদের জন্য চাপ হয়ে গেছে। প্রতি ব্যাটসম্যানই চেষ্টা করে নিজের ইনিংসটা দাঁড় করাতে। কিছু সময় সেটা হয় না। সামনের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারলে আমরা লড়াইয়ে ফিরে আসতে পারব।’
দ্বিতীয় দিন শেষেও ঘুরে ফিরে এল মুশফিকুর রহিমের ফিল্ডিং করার সিদ্ধান্ত। প্রথম দিনের উইকেটই নাকি প্রলুব্ধ করেছিল এমন সিদ্ধান্তে, ‘প্রথম দিনে উইকেটে কী ছিল, দুই দলই বুঝতে পেরেছে। ব্যাটিং করা কঠিনই ছিল। এ কারণে অধিনায়ক, কোচ, টিম ম্যানেজমেন্ট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।’ তাহলে দলে তিন পেসার নয় কেন? ক্ষেত্রে ইমরুলের জবাব, ‘সৌম্য ভালো বল করেছে। তার কাজটা সে যথাযথভাবেই করেছে। শাহাদত থাকলে তিন পেসারের প্রয়োজনীয়তা পূরণ হতো।’
খুলনায় কিপিং করেছেন। গতকাল বোলিংও করলেন। বাংলাদেশ ব্যবহার করল নয় বোলার! টেস্ট ক্রিকেটের সঙ্গে একটু ‘রসিকতা’ হয়ে গেল না? মূল বোলাররা ব্যর্থ হলে এমনটা হতেই পারে বলে মনে করেন তিনি, ‘প্রতিটি দলেরই পরিকল্পনা থাকে। প্রথম দিনেই একজন বোলার চোটাক্রান্ত হলে তার বিকল্প খুঁজতে হয় অধিনায়ককে। কিংবা দলের সেরা বোলাররা ব্যর্থ হলে ক্ষেত্রেও বিকল্প বোলারদের ব্যবহার করা হয়। মূল বোলাররা ভালো করলে আমাদের বল করতে হতো না।’
শেষ বিকেলে ঝুম বৃষ্টি। আগামী দিনে যদি এমন বৃষ্টি হয়, সেটা বাংলাদেশের জন্য তো আশীর্বাদই হবে। ইমরুল মুচকি হাসলেন। রসিকতার ছলেই বললেন, ‘এটা আমাদের হাত নেই। বৃষ্টি যদি হতে থাকে, হোক না। অসুবিধা কী!’