বাংলাদেশের সংগ্রহ ৪৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল ছবি: শামসুল হক
চার বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল ছবি: শামসুল হক

তামিম-সাকিবের সেঞ্চুরিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখাটা অমূলক কিছু নয়। কিন্তু মাঝখানে হঠাৎ​ করেই দ্রুত তিন উইকেট পড়ে যাওয়াতে সেই স্বপ্ন হয়ে পড়েছিল সংশয়াচ্ছন্ন। মিরপুর টেস্টের নায়ক তাইজুল টেইলএন্ডার শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে সেই সংশয় দূরে ঠেলেছেন চা বিরতির আগেই। তাইজুল-শাহদাতের ৮ম উইকেট জুটিতে তোলা ৪৩ রানের সুবাধে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩৩। 
নিজের তৃতীয় সেঞ্চুরিটি পূরণ করে সাকিব আল হাসান তাঁর ইনিংসটিকে টেনে নিয়ে গিয়েছিলেন আরও কিছু দূর। তাঁর সর্বশেষ টেস্ট সেঞ্চুরির স্কোরটি (১৪৪) খুলনাতে ছাপিয়ে ​যাবেন কিনা, এমন আলোচনা যখন উচকিত, ঠিক তখনই ম্যালকম ওয়ালারের একটি সোজা বলে বোল্ড তিনি। নিজের সর্বোচ্চ রানের স্কোরটা পেরিয়ে যেতে পারেননি। ১৩৭ রানেই থেমেছে তাঁর দারুণ ইনিংসটি।
সাকিবের সেঞ্চুরি আসার আগে সময়টা ছিল বেশ স্নায়ুক্ষয়ী। খুলনায় আগের একটি নার্ভাস নাইন্টিজের শিকার হওয়ার ব্যাপার​টি মনে করেই কিনা, সাকিব আজ তাঁর ‘নব্বইয়ে’ ছিলেন যথেষ্টই টালমাটাল। বলের পর বল খেলে যাচ্ছিলেন কিন্তু কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারছিলেন না। কাঙ্খিত লক্ষ্য মানে ​ওই সেঞ্চুরিই আর কি! সতীর্থের ওই চাপ আলগা করতে গিয়েই ভুল করে বসেন অধিনায়ক মুশফিকুর রহিম। কল দিয়ে বসেন এমন একটি রানের, যাকে ‘রানে পরিণত করার চেষ্টা’ আর নিজেকে খুন করা একই ব্যাপার। মাত্র ১১ রানেই ​রান আউটের শিকার হন তিনি।

তামিমের পর শতক সাকিবেরও ছবি: শামসুল হক
তামিমের পর শতক সাকিবেরও ছবি: শামসুল হক

মুশফিকের বিদায়ের পর শুভাগত হোম সঙ্গ দিচ্ছিলেন সাকিবকে। কিন্তু এই টেস্টেও ব্যর্থতাই সঙ্গী তাঁর। মাত্র ১৫ রানেই শেষ হয়েছে শুভাগতর প্রচেষ্টা।শুভাগত বিদায়ের পর হঠাৎ​ই যখন ‘চারশ’ নিয়ে সংশয়, ঠিক তখনই মিরপুরের ওই শ্বাসরূদ্ধকর বিকেলের মতোই জ্বলে উঠেছে তাইজুলের ব্যাট। দারুণ ধীর-স্থির ঢংয়ে রান তোলা তাইজুল ফেরার আগে করলেন ৩২ ও শাহাদাতের সংগ্রহ ১৮। দুজনকেই ফিরিয়েছেন চাতারা। জিম্বাবুয়ের বোলারদের সংগ্রামের এই টেস্টে আলো ছড়িয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা, চাতারা ও ম্যালকম ওয়ালার। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট। চিগুম্বুরা ও মাসাকাদজার সংগ্রহ একটি করে।