দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা

ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে বিশ্বকাপের আগে দ্বিতীয় আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচটি সাকিব-মুশফিকদের ব্যাটিং ব্যর্থতার আখ্যান। মাইকেল ক্লার্কের ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৯৩ রানেই। নাসির হোসেনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫২ রান।
টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরু থেকে ছিল বিপর্যয়ের মধ্যেই। দলীয় মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ একপর্যায়ে ৫৭ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। শুরুর এই ধাক্কাটা আর কখনোই সামলে উঠতে না পেরে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও খুব বড় চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। নাসিরের ৫২ রানের পাশাপাশি মাহমুদউল্লাহর সংগ্রহ ছিল ৩৬ আর সাব্বির রহমানের ৩৩। আজও ব্যর্থতার মধ্যেই ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এনামুল হকের মতো ব্যাটসম্যানরা। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ১৫।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে মাঠে নামেননি মাশরাফি বিন মুর্তজা। তামিমকে খেলানো হয়নি আজও।