দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে ফিল্ডিংয়ে নামার সময় বাংলাদেশ দল। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার পেজ।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে ফিল্ডিংয়ে নামার সময় বাংলাদেশ দল। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার পেজ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগৃহীত ১৯৩ রান ক্রিকেট অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ৪২তম ওভারেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে সর্বোচ্চ রান অ্যাস্টন টার্নারের। তিনি খেলেছেন ৭১ রানের এক ইনিংস। এ ছাড়া চোট কাটিয়ে মাঠে ফেরা অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে আসে ৩৪ রান। জেমস পিয়েরসেনের ২৯, উইল বসিস্টের ২১ আর ম্যাকডারমটের ১৮ রানে বাংলাদেশের সংগ্রহ টপকে যেতে খুব একটা বেগ পেতে হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
প্রথম প্রস্তুতি ম্যাচের মতো আজও ১১ জন ব্যাটসম্যান ও ১৩ জন বোলার-ফিল্ডার খেলানোর সুযোগ ছিল দুই দলের। আল-আমিন, রুবেলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলেছেন সৌম্য। নিজেদের স্পিন অস্ত্র নিয়ে মাঠে ছিলেন তাইজুল ও আরাফাত সানি। মাশরাফি ও তাসকিন খেলেননি। মাশরাফির বদলে আজ বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। তামিম ইকবালও ছিলেন মাঠের বাইরেই।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯৩ রান। প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগার-বাহিনী শেষ অবধি কাটিয়ে উঠতে পারেনি নিজেদের ব্যর্থতা। নাসিরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। মাহমুদউল্লাহর ৩৬, সাব্বিরের ৩৩ আর সৌম্য সরকারের ১৫ ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো স্কোর আর একটিও নেই। আজও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও এনামুল হকের মতো ব্যাটসম্যানরা।