দ্বিতীয় ইনিংসে হয়টা কী বাংলাদেশের!

নিউজিল্যান্ড সফরে টানা হারল বাংলাদেশ। ব্যাপারটা হতাশাজনক, সন্দেহ নেই। কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও যথেষ্ট হতাশ। তবে ব্যর্থ এই সিরিজে ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেলেও দলের খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি ভুল থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই শ্রীলঙ্কান কোচ, ‘অধিনায়ক তাঁর পারফরম্যান্সের দায়ভার নিজের কাঁধে নিয়েছে। আমি মনে করি এর মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হলো। খেলোয়াড়দের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটা অন্যায়। তবে আমি মনে করি খেলোয়াড়দের কেবল দায়িত্ব নিজেদের কাঁধে নিলেই চলবে না, ভুল সংশোধনের জন্য কাজ করে যেতে হবে।’
সেই ভুলগুলোর শীর্ষে আছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এই টেস্টের দুই ম্যাচে দ্বিতীয় ইনিংসের ভরাডুবি আরও ডুবিয়েছে। অতীতেও দেখা গেছে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেন গড়বড় করার জন্যই নামে। তাতে নষ্ট হয়ে যায় প্রথম ইনিংসের সব ভিত্তি। অভিষেক টেস্ট থেকেই যেটা ভোগাচ্ছে। এবারের সফর শেষেও প্রশ্নটা তাই ঘুরে ফিরে আসছে বারবার—দ্বিতীয় ইনিংসে হয়টা কী বাংলাদেশের!
হাথুরু বললেন, ‘কেবল ক্রাইস্টচার্চেই নয়, ওয়েলিংটনের দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানরা খারাপ করেছে। এটার নানা কারণ হতে পারে। হতে পারে, আমাদের ক্রিকেটাররা এখনো মানসিকভাবে পুরোপুরি শক্ত নয়। হতে পারে এটি তাদের শারীরিক ব্যাপার। হয়তো এমনও হতে পারে যে পাঁচ দিন ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার জন্যও তারা ঠিক পুরোপুরি সামর্থ্যবান নয়। আবার এটি মানসিক ও শারীরিক ব্যাপার না হয়ে অন্য কিছুও হতে পারে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, আমরা উন্নতি করছি। হয়তো ফলাফলে এর প্রতিফলন অল্প, তবে আমরা যে উন্নতি করছি-এটি নিশ্চিত করেই বলা যায়।’
পুরো সফরে অনেক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে না পারার হতাশা হাথুরুকে পীড়া দিচ্ছে সবচেয়ে বেশি, ‘একটি ম্যাচ বাদে আমরা প্রায় প্রতিটি ম্যাচেই লড়াই করেছি, জয়ের সুযোগ তৈরি করেছি। সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। এটি খুবই হতাশার।’
তবে হাথুরুর কাছে ইতিবাচক ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে জয়ের সম্ভাবনা তৈরি করাটাই, ‘যে কন্ডিশনে খুব বেশি খেলার সুযোগ আমাদের হয় না, সেখানে জয়ের সম্ভাবনা তৈরি করাটা অবশ্যই ইতিবাচক ব্যাপার।’
বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভালো খেলার সামর্থ্য আছে। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো না করার ব্যাপারটিই হাথুরুকে বেশি ভাবাচ্ছে, ‘যদি তাদের ভালো করার সামর্থ্য ও প্রতিভা না থাকত, তাহলে হয়তো এতটা চিন্তিত হতাম না। কিন্তু খেলোয়াড়দের ভালো করার সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো খেলতে না পারাটা সত্যিই খুব হতাশার।’
তাহলে কি ভালো করতে না পারার কারণটা পুরোপুরিই মানসিক! হাথুরু ব্যাপারটাকে উড়িয়ে দেননি। তবে তাঁর লক্ষ্য দুর্বলতাকে খুঁজে বের করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ‘আমার মনে হয় ভালো করতে না পারার পেছনে মানসিক ব্যাপার একটা কারণ। তবে আমরা এ বিষয়টি নিয়ে সকলের সঙ্গে বসতে চাই। দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়াই এখনকার লক্ষ্য।’