দ্বিতীয় ইনিংসের জন্য প্রস্তুত হচ্ছেন আজহার

দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। নেতৃত্ব দিয়েছেন টানা তিনটি বিশ্বকাপে (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯)। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে ৯৯ টেস্টে ক্যারিয়ার আটকে না গেলে এক শ কিংবা এর অধিক টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। টেস্ট ক্যারিয়ারের ২২ সেঞ্চুরি, ৬ হাজার রান করেছেন। ৩৩৪ ওয়ানডেতে রান করেছেন ৯ হাজারের বেশি রান। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন এখন প্রস্তুত হচ্ছেন ক্রিকেট প্রশাসনে নাম লেখাতে। আজ মঙ্গলবারই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রধান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় ক্রিকেটে চলছে ওলট-পালট। লোধা কমিশনের নির্দেশনা তো ক্রিকেট প্রশাসকদের মানতে হচ্ছেই, মানতে হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালতের কিছু নির্দেশও। লোধা কমিশনের একটি নির্দেশনাই সুপ্রিম কোর্ট একটু এদিক-ওদিক করে দেওয়াই ভারতীয় ক্রিকেট এখন প্রশাসকশূন্য হওয়ার জোগাড়। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বোর্ড ও রাজ্য সংস্থা মিলে ৯ বছর ক্রিকেটের সঙ্গে থাকা প্রশাসকদের পদত্যাগ করতে হচ্ছে। সে হিসেবেই পদত্যাগী হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান আরশাদ আইয়ুব। আজহারউদ্দিন এই সুযোগটাই গ্রহণ করতে চাচ্ছেন।
বড় লক্ষ্য নিয়েই হায়দরাবাদ ক্রিকেটের প্রধান হতে চাচ্ছেন আজহারউদ্দিন। তাঁর লক্ষ্য হায়দরাবাদের ক্রিকেটের ভিত্তি শক্ত করা। জেলা পর্যায়ে ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করে নিয়ে আসা। অন্তত এসব প্রতিশ্রুতিই উঠে আসছে তাঁর কথায়।
যদিও ক্রিকেটার হিসেবে দারুণ হলেও ব্যক্তি আজহারের সততা নিয়ে প্রশ্ন তো আছে। ২০০০ সালে ম্যাচ ফিক্সিং-কাণ্ডে জড়িয়ে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১১ সালে অন্ধ্র প্রদেশের আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নির্দোষ সাব্যস্ত হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড কখনোই তাঁর নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ভারতের অন্যান্য সাবেক ক্রিকেটাররা অবসরকালীন ভাতা পেলেও আজহার সেটি পান না।
নিজেদের আয়োজিত প্রতিযোগিতাগুলোতেও তাঁর উপস্থিতি খুব ভালোভাবে নেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড। গত মৌসুমে দিল্লিতে রঞ্জি ট্রফির একটি ম্যাচে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে একটি দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলায় দিল্লি জেলা ক্রিকেট সংস্থাকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিল বোর্ড।
আজহারের মনোনয়ন নিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জন মনোজ বলেছেন, ‘আমরা জেনেছি যে আজহার সংস্থার নির্বাচনের জন্য লোকজন নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিম্ন আদালতের একটি রায় তাঁর পক্ষে থাকায় তিনি এই নির্বাচন করতে পারছেন।’ সূত্র: পিটিআই।