দ্বিতীয় দিন শ্রীলঙ্কার

কলম্বো টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কা তুলল ৫ উইকেটে ৩০৫। দ্বিতীয় দিন দুই দল মিলে (১১৬+৯৮) উঠাল ২১৪! উইকেট পতন ৮টি। প্রথম দিনে শ্রীলঙ্কার স্কোর ও সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএলসি) উইকেটের ঐতিহ্য মানলে দ্বিতীয় দিনটি বড় চমক জাগানিয়া। তবে দিনটি শ্রীলঙ্কার। লঙ্কানদের প্রথম ইনিংসের ৪২১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৯৮, এখনো পিছিয়ে ৩২৩ রানে।
প্রোটিয়াদের শুরুতেই সর্বনাশ করলেন দুই লঙ্কান স্পিনার—রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। চা-বিরতির আগেই ১৩ রানে ফিরে গেলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। লঙ্কান বোলারদের আর উইকেট দেওয়া যাবে না—এ নীতিতে বেশ কিছুক্ষণ উইকেটে আঁকড়ে পড়ে থাকলেন ফ্যাফ ডু প্লেসিস ও হাশিম আমলা। দুজনের ২৯.৫ ওভারে তৃতীয় উইকেট জুটিতে এল ৫৮। তবে শেষ পর্যন্ত সুরাঙ্গা লাকমলের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি ডু প্লেসিস, ফিরেছেন ৩৬ রানে। প্রোটিয়াদের এখন আশা দেখাচ্ছেন অধিনায়ক আমলা, উইকেটে আছেন ৪৬ রানে।
আগের দিনের ৩০৫ রানের সঙ্গে ১১৬ রানে যোগ করে শ্রীলঙ্কা অলআউট ৪২১ রানে। মাহেলা জয়াবর্ধনে ফিরেছেন ১৬৫ রানে। শ্রীলঙ্কার ইনিংসের উল্লেখযোগ্য দিক অভিষিক্ত নিরোশান ডিকভেলার ৭২ রান। জয়াবর্ধনে-ডিকভেলার ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ১০০। ৫ উইকেটে ৩৮৫ থেকে ৪২১ রানে অলআউট—৩৬ রানে পড়েছে শ্রীলঙ্কার শেষ ৫ উইকেট।