ঠিক ৪০০ রানে থেমেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারত এখনো পিছিয়ে ২৫৪ রানে, তবু দিন শেষে এ রানটাকে কমই মনে হচ্ছে। মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারার ব্যাটে মাত্র ১ উইকেট হারিয়েই ১৪৬ রান করে ফেলেছে স্বাগতিক দল।
দিনের শুরুতেই জানা যায়, আম্পায়ার পল রাইফেল নামছেন না। পরশু মাথার পেছনে চোট পেয়ে মাঠ ছাড়া রাইফেলের। কাল নামার কথা থাকলেও ঝুঁকির কথা চিন্তা করে পুরো টেস্টের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
কালকের দিনটা অবশ্য বিনা নাটকেই শেষ হলো। পুরো দিনে উঠেছে মাত্র ২৫৮ রান। আগের দিনের স্কোরের সঙ্গে ইংল্যান্ড ১১২ রান যোগ করেছে, ব্যাট করতে নেমে ভারত ৫২ ওভারে তুলেছে মাত্র ১৪৬ রান। কারণ দ্বিতীয় দিনেই পিচে স্পিনাররা উইকেটের সাহায্য পাচ্ছেন। দিনের তৃতীয় ওভারে বেন স্টোকসকে আউট করে ক্যারিয়ারে ২৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পরে জ্যাক বলকে আউট করে পেয়েছেন ষষ্ঠ উইকেটটিও।
ইংল্যান্ডের বাকি ৪ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে স্পিন ও বাউন্সের সহযোগিতা কাজে লাগাতে পারেননি ইংলিশ স্পিনাররা। মঈন আলী লোকেশ রাহুলকে বোল্ড করলেও ইনিংসের বাকি সময়ে কখনো ভয় জাগাতে পারেননি মঈন বা আদিল রশিদ। তাঁদের সে সুযোগ দেননি বিজয় ও পূজারা, অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটিতে ভারতের দিনটা স্বস্তিতে শেষ করেছেন এ দুজন।
এর আগে ইংল্যান্ডকে ৪০০ রান এনে দিয়েছে নবম উইকেটে জস বাটলার ও জ্যাক বলের ৫৪ রানের জুটি। এ দুজনের প্রতিরোধেই প্রথম সেশনে ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত। সূত্র: ক্রিকইনফো।