দ্বিতীয় দিনে বৃষ্টির রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে ভেসে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। ছবি: রয়টার্স
বৃষ্টিতে ভেসে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। ছবি: রয়টার্স

ব্যাট-বলের লড়াই না, ক্রিকেট অঙ্গনে আজকের প্রধান আলোচ্য বিষয় বৃষ্টি। সেটা শ্রীলঙ্কার গলই হোক বা ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড। বৃষ্টির বাধা কেউই এড়াতে পারেনি। গল টেস্টে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় দিনের খেলায় অনেকটা সময় নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। ওল্ড ট্রাফোর্ডের অবস্থা আরও নাজুক। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৬ ওভার।

বৃষ্টি আসার আগ পর্যন্ত অবশ্য লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ভারতীয় বোলাররা। ২৩৭ রানের মধ্যেই তুলে নিয়েছেন ইংল্যান্ডের ছয়টি উইকেট। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড এগিয়ে আছে ৮৫ রানে।
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫১ রানে। তবে ভারতের দুই পেসার বরুন অরুন ও ভুবনেশ্বর কুমার যেভাবে বোলিং করছেন, তাতে মনে হচ্ছে প্রথম ইনিংসের লিডটা খুব বেশি লম্বা করতে পারবে না অ্যালিস্টার কুকের দল। ৩ উইকেটে ১১৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস জর্ডানের উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ইয়ান বেলও খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরেছেন ৫৮ রান করে। টানা দুই ওভারে এই দুইজনকেই আউট করেছেন ভুবনেশ্বর কুমার। মধ্যাহ্ন বিরতির আগে মইন আলিকেও সাজঘরমুখী করেছেন বরুন অরুন।
এরপর অবশ্য ভারতীয় বোলারদের আর কোনো সুযোগ দেননি জো রুট ও জোস বাটলার। সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান। দ্বিতীয় দিন শেষে রুট অপরাজিত আছেন ৪৮ রান করে। বাটলারের সংগ্রহ ২২ রান।