দ্বিতীয় দিনেই বাংলাদেশের দুর্গমযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হাইজাম্পারের মতো এক লাফে ইয়াসির শাহ পৌঁছে গেলেন সিলি পয়েন্টে দাঁড়ানো আজহার আলীর কাছে। সতীর্থকে করলেন আলিঙ্গন। সবার হাত ওপরে তোলা, মুখে উজ্জ্বল হাসি। গোটা পাকিস্তান দলেই যেন ‘সব পেয়েছি’র আনন্দ। ‘সবকিছুই’ হয়তো পাওয়া হয়নি। তবে পরাজয়ে ক্লিষ্ট এই দীর্ঘ সফরে প্রথম জয়ের স্বপ্ন চোখে উঁকি দেওয়ার কারণ তো ঘটেছেই। দিনের শেষের আগের বল, ইয়াসিরের হাত থেকে বেরোল গুগলি। মুশফিকুর রহিম কাট করতে গিয়ে বোল্ড। বাংলাদেশ ৫ উইকেটে ১০৭! পাকিস্তান আনন্দে তো ভাসবেই।
এক বল আগেই দিনের খেলা শেষ। মাঠ থেকে না বেরিয়ে সরাসরি সম্মেলনকক্ষে চলে এলেন ডাবল সেঞ্চুরিয়ান আজহার। সাংবাদিকেরাও অত দ্রুত সেখানে পৌঁছাতে পারেননি! নিজের ডাবল সেঞ্চুরি, সঙ্গী আসাদ শফিকের সেঞ্চুরি মিলিয়ে প্রথমে দলকে ৮ উইকেটে ৫৫৭ রানের চূড়ায় তুলেছেন, পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের মনের উপচানো আনন্দ আপনি বুঝে নিতেই পারেন।
এরপর শেষ বিকেলে বাংলাদেশের প্রথম ইনিংসের অর্ধেকটাই পড়েছে ধসে। আসলে অর্ধেকেরও বেশি। আগের দিন ম্যাচের দ্বিতীয় বলেই বাংলাদেশ শাহাদাত হোসেনকে হারিয়ে ফেলায় হাতে উইকেট ৪টি। ফলোঅন এড়াতেই দরকার আরও ২৫১ রান। তারপর যদি পাকিস্তানকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর দুঃসাহস দেখা যায়। এ যে তুষারধসের মধ্যে কোনো অভিযাত্রীর পর্বতচূড়ায় ওঠার মতো, তা না বললেও চলছে। পাকিস্তানিরা ওই বুনো উল্লাস কেন করবে না!
‘টসের’ উপহার পেয়ে প্রথম দিনেই পাকিস্তান ৩ উইকেটে ৩২৩ রান তুলে নিলে অনুমান করাই গিয়েছিল, কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মুশফিকের দলের জন্য। সেই পরীক্ষাটাকে পাকিস্তান রীতিমতো অগ্নিপরীক্ষা বানিয়ে ছাড়ল ২৭.৫ ওভার বোলিংয়েই। এখানে সজ্ঞানে বোলিং বলা হচ্ছে, ব্যাটিং নয়। দুর্দান্ত জায়গা থেকেও ঠিক রানের এভারেস্ট যাকে বলে সেটি যে তারা গড়তে পারেনি। ১৪৬.১ ওভার থেকে ১৫২.০ ওভারের মধ্যে মাত্র ২৭ রানেই তারা হারিয়ে ফেলেছে শেষ ৪ উইকেট। অনেকটাই খুলনার সঙ্গে মিল, আবার নয়ও।
তবে দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সাকিব আল হাসান মিসবাহ-উল-হককে বোল্ড করে খুলনা টেস্টের দ্বিতীয় দিনের সকালটির পুনরাবৃত্তির আভাস জাগিয়েছিলেন। আগের দিনের রানের সঙ্গে একটি রানও যোগ করতে পারেনি পাকিস্তান। অধিনায়ককেও ফিরে যেতে হয়েছে আগের দিনের ৯ রানেই। সাকিবের বলে যেমন টার্ন ও বাউন্স মিলছিল, মনে হচ্ছিল, ঘটতেও পারে আরেকটি স্মরণীয় বোলিং প্রত্যাবর্তন। কিন্তু সকালের সেশনে সেটি ঘটল না। ঘটতে দিলেন না আজহার ও আসাদ শফিক। ওরা লাঞ্চের পরও টেনে নিয়ে গেলেন দলকে। শুভাগত হোম তাঁর অফ স্পিনে লং অফে মাহমুদউল্লাহর দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফেরান আজহারকে। ততক্ষণে পঞ্চম উইকেট জুটিটি হয়ে গেছে ২০৭ রানের। আর তারও আগে সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অষ্টম সেঞ্চুরিটিকে ‘ডাবলে’ রূপ দিয়ে ফেলেছেন আজহার। আসাদ পেয়ে গেছেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। এই আসাদকেও (১০৭) ফিরিয়েছে শুভাগত-মাহমুদউল্লাহ সমন্বয়। তবে লং অফে লোফা মাহমুদউল্লাহর এই ক্যাচটি ছিল আরও কঠিন। পাকিস্তানকে আরও বড় রানপাহাড়ে চড়তে দেননি তাইজুল, একই ওভারে চার বলের ব্যবধানে তুলে নেন আরও ২ উইকেট। ওভারের শেষ বলটিতে ইয়াসির শাহ শূন্য রানে এলবিডব্লু হতেই আসে চা-বিরতি। কিন্তু পাকিস্তান বিরতির পরে আর ব্যাটিং চালিয়ে যেতে চায়নি। ৮ উইকেটে ৫৫৭ রানেই ইনিংস ঘোষণা, শুরু হয় বাংলাদেশের দুর্গম ব্যাটিং-যাত্রা। যেটি দিন শেষে আসলে বিপর্যয়।
প্রথম বলটিতেই উচ্চ স্বরে কট বিহাইন্ডের আপিল করেছিলেন জুনায়েদ খান। বাঁহাতি এই পেসারকে পরের বলটিতেই কাট করে তামিম ইকবালের চার। গোটা শেরেবাংলা স্টেডিয়ামে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে—হবে, এবারও হবে! কিন্তু হায়, ওভারের চতুর্থ বলেই জুনায়েদের এলবিডব্লুর আপিলে আঙুল তুলে দেন আম্পায়ার পল রাইফেল। ধ্যাদ্দেড়ে মার্কা ডিআরএসের সাহায্য চেয়ে বাঁচতে পারেননি তামিম। ওই জুনায়েদের বলেই পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে কট বিহাইন্ড মুমিনুল। বাংলাদেশ ৩৮/২। খুলনায় তামিমের সঙ্গে দুনিয়া কাঁপানো ৩১২ রানের ওপেনিং জুটির দ্বিতীয় নায়ক ইমরুল ওয়াহাব রিয়াজের এক ওভারে টানা ৪টি চার মেরে জানিয়ে দিলেন, লড়াইটা এখান থেকেও হতে পারে! তবে তাঁর লড়াই থামিয়ে দিয়েছেন ইয়াসির, শেষে তো বড় আঘাতটা দিলেন মুশফিককে বোল্ড করে। তাঁর গুগলিতেই ইউনিসের হাতে জীবন পেয়েছেন সাকিব, মুখোমুখি হওয়া প্রথম বলে। শেষ পর্যন্ত দলের জন্য স্বস্তি—উজানযাত্রায় সাকিব অপরাজিত ১৪ রানে। শুভাগত হোম আজ তাঁর প্রথম সঙ্গী, এরপর অপেক্ষায় থাকবেন সৌম্য, তাইজুল আর শহীদ। কত দূর যেতে পারবে বাংলাদেশ?
সংবাদ সম্মেলনে এসে ইমরুল বলে গেলেন, তাঁরা এখনো আশায় বুক বেঁধে আছেন। দেশের সেরা খেলোয়াড়টি যেহেতু আছেন, দলের আশা ফলোঅন এড়ানোর প্রথম লড়াইটা জেতা যাবে। এর পর যা হয়! এই ‘যা’ অলৌকিক সম্ভাবনাতেও ড্রয়ের ছবি আঁকে কি না ইমরুল তা বলতে পারছেন না। তবে তাঁর মুখে বারবার ঘুরল ‘খুলনা’!
ইমরুলের আগে আজহার যখন তাঁদের দিনটি প্রত্যাশামতো যাওয়ায় জানাচ্ছিলেন আনন্দময় অনুভূতির কথা, বাইরে বৃষ্টি হচ্ছে। পিচ ঢাকা পড়ল কভারে। ইশ্, এই বৃষ্টিটা কেন মুষলধারে নামল না আরও আগেই!
না, বৃষ্টি নয়, বাংলাদেশ দলকে খুলনা যে বীররসে উজ্জীবিত করেছে, তাতে এখনো তারা আশায়। হ্যাঁ, যাবতীয় হতাশার মধ্যেও আশাতেই বসতি গড়তে হয়। এটাই তো জীবনের গল্প। জীবন যে অনেকটাই ক্রিকেটের মতো।

তৃতীয় দিনের শেষে
পাকিস্তান ১ম ইনিংস: ৫৫৭/৮ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭/৫