
একটু স্বস্তি পেতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন! কোনো উইকেট না হারিয়েই কালকের দিনটি শেষ করেছে নিউজিল্যান্ড। প্রায় দুই দিন ফিল্ডিং করার পর ব্যাট হাতে নামতে হলো না তাঁকে! এটুকু ছাড়া ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনটা কিউইদের জন্য অস্বস্তিতেই মোড়া ছিল। ইনিংস ঘোষণার আগেই ৫ উইকেটে ৫৫৭ রানের পাহাড় গড়েছে ভারত।
অবশ্য ভারত না বলে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে বলাটাই হয়তো ঠিক। ৫৫৭ রানের ৩৯৯-ই তো করেছেন এ দুজন। ৩৬৫ রান যোগ করেছেন দুজন, চতুর্থ উইকেটে ভারতের সর্বোচ্চ জুটি। কোহলির ক্ষণিকের এক ভুলেই হতে পারল না যেকোনো উইকেটের রেকর্ড। এর আগে দুজনের ব্যাটিংয়ে মনে হচ্ছিল নিউজিল্যান্ডকে সারা দিনে ফিরতে হবে খালি হাতেই!
তবে জিতান প্যাটেলের বলে এলবিডব্লু হওয়ার আগেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন কোহলি। তাতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন। শচীন টেন্ডুলকার কিংবা সুনীল গাভাস্কাররাও যা করতে পারেননি, সেটাই করেছেন কোহলি। এই প্রথম কোনো ভারতীয় অধিনায়কের দুটি ডাবল সেঞ্চুরি হলো!
ব্যাপারটা খানিকটা কৌতূহলোদ্দীপক ছিল। ওয়ানডে ক্রিকেটেই যে ব্যাটসম্যান নিয়মিত বড় বড় সেঞ্চুরি করেন, সেই কোহলিই কিনা টেস্টে ইনিংস বড় করতে পারছিলেন না। ক্যারিয়ারের প্রথম ৬১ ইনিংসেই ১১টি সেঞ্চুরি, কিন্তু এর মধ্যে মাত্র একটিই ছিল দেড় শ ছাড়ানো ইনিংস। অবশেষে যেন সীমিত ওভারের দুর্দান্ত ব্যাটসম্যানটিকে টেস্টেও সমহিমায় পাচ্ছে ভারত। শেষ দুটি সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিয়েছেন কোহলি। কাল যেমন থামলেন ক্যারিয়ার-সেরা ২১১ করে।
ক্যারিয়ার-সেরা ১৮৮ করেছেন রাহানেও। কোহলির ইনিংসটি যদি সৌন্দর্যের উদাহরণ হয়ে থাকে, তাহলে রাহানের ইনিংসটি সংগ্রাম করে গড়া। ইন্দোরের পিচে কাল রীতিমতো ধুলা উড়ছিল, স্পিনারদের বল মাঝেমধ্যেই নিচু হয়ে যাচ্ছিল। আবার পেসাররাও বাউন্সার দিয়েছেন সুযোগ পেলেই। ম্যাট হেনরির এমন এক বাউন্সার লাগে তাঁর হেলমেটে। এসব পাশ কাটিয়েই সেঞ্চুরি করেছেন, পাচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সুবাসও। কিন্তু শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।