দ্বিতীয় বিভাগ ক্রিকেটে হচ্ছেটা কী?
দুই দলেরই দাবি ছিল মাঠ খেলা চালানোর উপযুক্ত। কিন্তু আম্পায়ারদের মত, আগের রাতের বৃষ্টিতে মাঠ খেলা চালানোর অবস্থায় নেই। ম্যাচটা তাই আর হলোই না। আম্পায়ারদের এমন সিদ্ধান্তের পর দুই দলের খেলোয়াড়েরা উইকেটের ওপর শুয়ে পড়ে জানালেন অভিনব প্রতিবাদ।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কাল এ ঘটনা ঘটেছে আম্বার স্পোর্টিং ক্লাব ও ফেয়ার ফাইটার্সের বিপক্ষে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের ম্যাচে। আম্বার কর্মকর্তা জিয়াউল ইসলামের অভিযোগ, ‘৩৫-৪০ ওভারের ম্যাচ হতে পারত। আম্বারকে ইচ্ছাকৃতভাবে পয়েন্টবঞ্চিত করতে আম্পায়াররা খেলা হতে দেননি। এটা করে হয়তো তাঁরা কোনো দলকে সুবিধা দিতে চেয়েছেন।’ ফেয়ার ফাইটার্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বক্তব্য, ‘দুই দলের সবাই চেয়েছে খেলা হোক। কিন্তু রহস্যজনক কারণে আম্পায়াররা খেলতে দেননি।’
ম্যাচের দুই আম্পায়ারের একজন রেজওয়ান পারভেজের যুক্তি, ‘খেলোয়াড়েরা খেলতে রাজি হলে তো হবে না! আমাদের কাছে মনে হয়েছে মাঠ খেলার অনুপযোগী।’ জগন্নাথ হল মাঠ ও ফতুল্লা স্টেডিয়ামেও নাকি কাল একই কারণে খেলা হয়নি। তবে ম্যাচ হয়েছে বিকেএসপি ও সিটি ক্লাব মাঠে।
অভিযোগ আছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেটের শুরু থেকেই দু-একটি ক্লাবের প্রতি পক্ষপাতিত্ব করছেন কয়েকজন আম্পায়ার। ঘুরেফিরে তাঁরাই ওই সব ক্লাবের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। এসব বিষয়ে সিসিডিএমের অবস্থান জানার চেষ্টা করেও লাভ হয়নি। ফোন ধরেননি সদস্যসচিব রাকিব হায়দার ও দ্বিতীয় বিভাগ লিগের সমন্বয়ক জাহিদ। একটি সূত্রে অবশ্য জানা গেছে, এসব অন্যায়ের প্রতিবাদে সিসিডিএমের সদস্যসচিবের পদ থেকে কিছুদিন আগে ইস্তফা দিয়েছেন রাকিব। কিন্তু সিসিডিএমের চেয়ারম্যান গোলাম মুর্তজা দেশের বাইরে বলে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।