হারারাতে প্রথম ওয়ানডেতে ১৬৮ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ে হেরেছিল ৯ উইকেটে। একই মাঠে কাল স্বাগতিক দল গুটিয়ে গেল ১২৬ রানে। ভারত সেটি পেরিয়ে গেল ৮ উইকেট হাতে রেখে। মহেন্দ্র সিং ধোনি বাদে ভারতীয় দলে তেমন কোনো ওজনদার নাম নেই, ধরতে গেলে এটি ভারতের দ্বিতীয় সারির দল। আর সেই দলের সামনেই কাঁপছে জিম্বাবুয়ে! এক ম্যাচ বাকি থাকতে সিরিজ তো হেরেছেই, তাদের সামনে এখন ধবলধোলাইয়ের আশঙ্কা!
২৫.১ ওভারে ৩ উইকেটে ১০৬ রান তুলে চ্যালেঞ্জিং স্কোরই আশা করতে পারত জিম্বাবুয়ে। কিন্তু এরপরই যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনের ছোবল! ২ ওভারে কোনো রান না দিয়েই ৩ উইকেট নেন ভারতীয় দলে নবাগত স্পিনার। জিম্বাবুয়ের শেষ ৬ উইকেট গেছে ২০ রানে। জিম্বাবুয়ে ব্যাটিংয়ের উজ্জ্বলতম নাম সিবান্দা, করেছেন সর্বোচ্চ ৫৩ রান।
১২৭ রানের ছোট লেক্ষ্য ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় ভারত। আগের ম্যাচে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ১০০ রানে, কাল আউট হয়েছেন ৩৩ রান করে। ওয়ানডেতে প্রথমবারের মতো আউট হওয়ার আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ রান। এর আগে উকেরি রমণ থেমেছিলেন ১০৩ রানে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৩৪.৩ ওভারে ১২৬ (সিবান্দা ৫৩, চিবাবা ২১; চাহাল ৩/২৫, স্রান ২/১৭)। ভারত: ২৬.৫ ওভারে ১২৯/২ (রায়ডু ৪১, নায়ার ৩৯, রাহুল ৩৩; রাজা ১/৭)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: যুজবেন্দ্র চাহাল।