দ্বিতীয় ম্যাচে নতুন শুরুর আশা

টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ দল ও দলসংলগ্ন এলাকায় দুই রকম দর্শন।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে সপারিষদ মনে করছেন, প্রথম ম্যাচে কিছু ভুল ছিল বলেই ওই হার। ঘাটতি ছিল পরিকল্পনা বাস্তবায়ন ও দক্ষতার প্রয়োগে। ১৪৮ রান এমন কিছু ছিল না। সেটা তাড়া করতে গিয়ে অযথাই তাড়াহুড়ো করেছেন ব্যাটসম্যানরা। ফলাফল ৯৬ রানে অলআউট।
দল ঘনিষ্ঠ অন্যদের মত, টি-টোয়েন্টি ম্যাচের ব্যাটিং আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনো শেখেননি। অকারণে চাপ নিয়ে নেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে তাঁরা উদাহরণ হিসেবে আনছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে। প্রথম টি-টোয়েন্টিতে ৩১ রানে ২ উইকেট পড়ার পরও কী রকম একাই দলকে টেনে নিয়ে গেলেন! টি-টোয়েন্টিতে এমন দায়িত্ব নেওয়া ব্যাটসম্যান বাংলাদেশ দলে তাঁরা খুঁজে পাচ্ছেন না।
চিন্তাভাবনায় পার্থক্য থাকতে পারে, তবে লক্ষ্য সবারই এক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা জিততে হবে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সাফল্যের গতিপথ সিরিজের শুরুতেই ঠিক হয়ে গিয়েছিল। এবার সেটা হয়নি, তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেদের ফিরে পাওয়া গেলে এখান থেকেও সিরিজটা নতুন করে শুরু করা যেতে পারে, বাংলাদেশ দল ও তার আশপাশে থাকাদের ভাবনা এমনই।
প্রথম ম্যাচের পরের আলোচনায় প্রায় কেন্দ্রীয় ‘চরিত্র’ হয়ে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট। নিজেদের মাটিতে গত কয়েকটি সিরিজ স্পোর্টিং উইকেটে খেলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকানদের স্পিনে কাবু করার উদ্দেশ্যে টিম ম্যানেজমেন্ট এবার টার্নিং উইকেট চেয়েছিল। প্রথম টি-টোয়েন্টিতে সেটাই যেন বুমেরাং হয়ে এল!
আর কোনো শক্তিতে পেরে ওঠার কোনো উপায় ছিল না বলে একটা সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে দেশের মাটিতে স্পিনের ফাঁদ পাতত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বাঁহাতি স্পিনের জবাবে তাদেরও যে ছিল শেন ওয়ার্ন, ড্যানিয়েল ভেট্টোরির মতো ঘূর্ণি জাদুকর! পরশু জেপি ডুমিনি, অ্যারন ফাঙ্গিসোরা মনে করিয়ে দিলেন পুরোনো সেই দিনের কথাই। কিউরেটর গামিনি ডি সিলভা উইকেটে বল টার্ন করানোর ‘মসলা’ মিশিয়ে দিলেও সেটার সুফল সাকিব-সানিদের চেয়ে সংগত কারণেই বেশি পেলেন তাঁরা। পরের দিকে উইকেটে বল নিচু আর মন্থরও হলো অনেক। পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার সঙ্গে বাংলাদেশের ব্যাটিং খারাপ হওয়ার একটা কারণ মনে করা হচ্ছে এটিকেও।
কাল মিরপুরে অনুশীলনে এসে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টও বলে গেলেন, ‘সেদিন পরে ব্যাট করলে আমরাও একই রকম সমস্যায় পড়তে পারতাম। আমার মনে হয় কালও (আজ) উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে।’ তা উইকেট যতই টার্নিং হোক, প্রথম ম্যাচের হতাশাজনক বোলিংয়ের পর আজ বাংলাদেশ দলে সম্ভবত দেখা যাবে না অফ স্পিনার সোহাগ গাজীকে। একাদশে আসতে পারেন ব্যাটসম্যান রনি তালুকদার।
উইকেট যখন প্রতিপক্ষ, দলের অন্যরা যখন ব্যর্থ, তখনো সাফল্য পেতে হলে সাকিব আল হাসানকেই কোনো একটা জাদু দেখাতে হবে—বাংলাদেশের ক্রিকেটে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল একটা সময়ে। গত কিছুদিন ওয়ানডে, টি-টোয়েন্টির কিছু সাফল্য সম্মিলিত প্রচেষ্টার স্মারক হয়ে এলেও টি-টোয়েন্টিতে এখনো দলের প্রত্যাশা সবচেয়ে বেশি থাকে সাকিবের কাছেই। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল বা ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলার সুবাদে বাংলাদেশ দলে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলতে একমাত্র সাকিবই আছেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জয়েও তাঁর অপরাজিত ৫৭ রানের ছিল বড় ভূমিকা।
সাকিবের ওপর নির্ভরতা আছে, তাই বলে সাকিবকেই সব করে দিতে হবে, সেটা মানেন না তাঁর সতীর্থরাই। নবাগত সৌম্য সরকারের যেমন ধারণা, প্রথম টি-টোয়েন্টিতে টপ অর্ডার ভালো করতে পারলে দক্ষিণ আফ্রিকার ১৪৮ টপকাতে হয়তো সাকিব পর্যন্ত যাওয়াই লাগত না!
সাকিবের তো প্রত্যাশা মেটানোর দায় আছেই, সঙ্গে আছে সৌম্যদের মতো তরুণদের আত্মবিশ্বাসও। মিরপুরের উইকেট আরও একবার দক্ষিণ আফ্রিকাকে ধরাছোঁয়ার মধ্যে রাখতে পারলে সিরিজটা নতুন করে শুরুর চেষ্টা কেন করে দেখা যাবে না!