দ্বিতীয় ম্যাচে বৃষ্টি ও পাকিস্তানের কাছে হার
ইংল্যান্ডকে হারিয়ে শুরুটা হয়েছিল চমক দিয়ে। বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী দলের সেই আনন্দ কাল আর থাকেনি। বিকেএসপির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধীদের কাছে ২০ রানে হেরে গেছে আলম খানের দল। এদিকে ইংল্যান্ড যেন নিজেদের ফিরে পেল এদিন। তাদের ২৩ রানের জয়ও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে, তবে এর আগে ভারতের বিপক্ষে করেছে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫০ রান।
বাংলাদেশের ইনিংস শুরু থেকে নড়বড়েভাবে এগোলেও আসল ঝড়টা যায় ১৮তম ওভারে। ৬ উইকেটে ৯৮ থেকে অফ স্পিনার ফাইয়াজ আহমেদের ওই এক ওভারেই স্কোর হয়ে যায় ৯ উইকেটে ৯৮! ওভারের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বলে উইকেট ৩টি নিয়েছেন ফাইয়াজ। সব মিলিয়ে ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও তিনি।
বাংলাদেশ প্রতিবন্ধী দলের ওপেনার আমিন উদ্দিনের এক পা ছোট। দৌড়াতে সমস্যা বলে শুরু থেকেই খেললেন রানার নিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানও তাঁর। প্রথম ম্যাচের নায়ক দ্রুপম তীর্থ করেছেন ২২। মাতলুব কোরেশিকে ফিরিয়ে দ্রুপম পরে নিয়েছেন পাকিস্তানের একমাত্র উইকেটটিও। আগের ম্যাচে ৫৫ রান করলেও প্রতিবন্ধী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান কাল ফিরে গেছেন মাত্র ৭ রানে। ১৯.৩ ওভারে বাংলাদেশের ১১২ রানের জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। এর মধ্যে ৩৯-ই ওপেনার হাসনাইন আলমের।
সাবেক মেজর হাসনাইন একসময় সুস্থ–স্বাভাবিক ক্রিকেটারই ছিলেন। খেলেছেন লাহোর অনূর্ধ্ব–১৯ দলের হয়ে, অধিনায়কত্ব করেছেন পাকিস্তান সেনাবাহিনী দলেরও। কাশ্মীরে দায়িত্ব পালন করার সময় বোমার আঘাতে তঁার ডান পায়ের গোড়ালি থেকে নিচের অংশ উড়ে যায়। কিন্তু সেটা যে হাসনাইনের ক্রিকেট খেলায় বাধা হতে পারেনি, কালকের ব্যাটিংই তার প্রমাণ। তিনি অবশ্য লাহোর জিমখানা দলের হেয় সুস্থ–স্বাভাবিক ক্রিকেটারদের সঙ্গে নিয়মিতই খেলে থাকেন।
দিনের অন্য ম্যাচে ইংল্যান্ডের ৪ উইকেটে ১৫০ রানের ইনিংসে সর্বোচ্চ ৪১ ওপেনার অ্যালেক্স হ্যামন্ডের। বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার সময় ১১ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৫৩।