প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করল শ্রীলঙ্কা। কাল ডারবানে স্বাগতিকদের কাছে ১২১ রানে হেরেছে লঙ্কানরা। ফাফ ডু প্লেসি ও ডেভিড মিলারের সেঞ্চুরিতে ৩০৭ রান করে প্রোটিয়ারা। ৩৭.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট ১৮৬ রানে। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান দিনেশ চান্ডিমালের।
ম্যাচের শুরুটা অবশ্য ভালোই ছিল শ্রীলঙ্কার, ১০৮ রানেই ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট। ডু প্লেসি ছাড়া টপ অর্ডারের অন্য কাউকেই স্বচ্ছন্দ মনে হয়নি। অপর প্রান্তে মিলারকে পেয়েই ঘুরে দাঁড়ালেন ডু প্লেসি। ১১৭ রানের জুটিটা যে ভিত এনে দিল, সেটা কাজে লাগিয়েই পরে ঝড় তুললেন মিলার। ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরির পর ডু প্লেসি আউট হওয়াতেও তাই ৩০০ পেরোতে অসুবিধা হয়নি স্বাগতিকদের। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে পরশু জোহানেসবার্গে। টেন ৩।