দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচারস্বত্ব নিয়ে জটিলতা তৈরি হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতের জিম্বাবুয়ে সফর। সমস্যার সমাধান এখনো হয়নি। তবে জিম্বাবুয়ে সফরে যেতে রাজি হয়েছে ভারত। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, মূল দল নয়, সফরে যাবে দ্বিতীয় সারির একটা দল। টানা সাত মাস খেলার ধকল কাটিয়ে উঠতে বিশ্রাম দেওয়া হতে পারে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের মতো খেলোয়াড়দের। জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির দল নির্বাচনের জন্য আজই সভায় বসার কথা ভারতীয় নির্বাচকদের।
সফর হচ্ছেই—এমন নিশ্চয়তা দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান উইলসন মানাসে বলেছেন, ‘ভারত ৭ জুলাই জিম্বাবুয়ে আসবে।’ পাশাপাশি সম্প্রচারস্বত্ত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতাও দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে বলে জানান মানাসে। ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ জুলাই।
ভারতের সবচেয়ে প্রচারিত দৈনিক টাইমস অব ইন্ডিয়া অবশ্য লিখেছে, জিম্বাবুয়েতে দ্বিতীয় সারির একটা দল পাঠানোর চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যে দলটির অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা কিংবা সুরেশ রায়না। পিটিআই।