দ্বিতীয় সেশনে এগিয়ে নিউজিল্যান্ড

ক্যাচ মিসের দুঃখটা ক্যাচ ধরেই ভুললেন কামরুল ইসলাম। মেহেদী হাসান মিরাজের বলে রস টেলরের ওই ক্যাচেই ম্যাচে ফিরল বাংলাদেশ। চা-বিরতির আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে নিউজিল্যান্ড।
প্রথম সেশনে দারুণ বোলিংয়ের স্মৃতিটা প্রায় ভুলিয়েই দিচ্ছিলেন বাংলাদেশি পেসাররা। উইকেটের বাড়তি বাউন্স পেয়ে দ্বিতীয় সেশনে ক্রমাগত শর্ট বল করেছেন তাঁরা। আর সেই সুযোগটা নিয়ে পাল্টা আক্রমণ করলেন রস টেলর। টেলরের আক্রমণাত্মক আর টম ল্যাথামের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই পড়েছিল বাংলাদেশ। রীতিমতো ওয়ানডে মেজাজে খেলছিলেন দুজন। দ্বিতীয় সেশনে প্রথম ৮১ বলে ৮৩ রান তুলেছেন ল্যাথাম-টেলর।
ঠিক তখনই তাসকিন আহমেদের আঘাত। দিনের শুরুতে দারুণ বল করেও উইকেট পাননি, সে তুলনায় স্টাম্পের অনেক বাইরের এক বলে ল্যাথাম ক্যাচ দিলেন নুরুল হাসানের কাছে। ল্যাথামের (৬৮) বিদায়ে শেষ হলো ১০৬ রানের জুটি। তবে অন্য প্রান্তে ঠিকই রয়ে গেছেন টেলর। তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক ছোঁয়ার কিছুক্ষণ পরেই একটা সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু মিরাজের বলে ডিপ স্কয়ার লেগে ওঠা সে ক্যাচ ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেননি কামরুল।
বাংলাদেশের ভাগ্য ভালো, মাত্র ২ রানেই ক্যাচ ফেলার দায় মিটেছে। ৭৫ রানে জীবন ফিরে পাওয়া টেলর আউট হয়েছেন মিরাজের পরের ওভারেই, সেই কামরুলের হাতেই ক্যাচ দিয়ে। তবে সিদ্ধান্ত নিতে এবার টিভি আম্পায়ারের শরণাপন্ন হতে হয়েছিল আম্পায়ারকে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেলর ফেরাতেই ম্যাচে ফিরল বাংলাদেশ।