দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝপথে সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) ওপর যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভীষণ খেপা, তা বোঝা গিয়েছিল আগেই। তবে সেই ক্ষোভের মাত্রাটা বোঝা গেল কাল। হায়দরাবাদে কার্যকরী কমিটির জরুরি সভায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সব দ্বিপক্ষীয় সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ ছাড়া ডব্লুআইসিবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে।
কাল সভা শেষে বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, বিসিসিআই ও ডব্লুআইসিবির সব দ্বিপক্ষীয় সফর স্থগিত করা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে তিন টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিল ভারতের। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের ফলে সেই সিরিজ বাতিল বলেই ধরে নেওয়া যায়। এফটিপি অনুযায়ী, আগামী আট বছরে (২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত) ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি খেলার কথা। দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতি না হলে সেই সিরিজগুলোও অনিশ্চিত।
তবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে কত ক্ষতিপূরণ দাবি করা হবে, সেটা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হবে কি না, সেটাও বলেননি বিসিসিআইয়ের সচিব। তবে আইপিএলের চেয়ারম্যান রঞ্জিব বিসওয়াল ক্রিকইনফোকে বলেছেন, ‘এটা নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের ওপর। যদি ওরা খেলতে চায়, আমরা স্বাগতই জানাব।’
ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিলের পর শ্রীলঙ্কা ভারত সফরে আসতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বোর্ড৷ আগামী ২ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কাল বিসিসিআইয়ের সভা শেষে জানানো হয়েছে, ম্যাচ পাঁচটি হবে কটক, হায়দরাবাদ, রাঁচি, কলকাতা ও আহমেদাবাদে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিনটি ওয়ানডের জন্য ১৫ জনের দলও ঘোষণা করেছেন ভারতের নির্বাচকেরা। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দিয়ে এ তিন ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। রয়টার্স, ক্রিকইনফো।